কক্সবাজারের পেকুয়ার আলোচিত সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান চৌধুরী ওরফে বাবুল মিয়া হত্যা মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে শ্রেণিভুক্ত করে প্রত্যাহারের চেষ্টা চলছে। এতে নিহতের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী শাহেদা ইয়াসমিন খান। পুলিশ ও আদালত সূত্র জানায়, উপজেলার বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান চৌধুরী ওরফে বাবুল মিয়া ২০০৭ সালের ২ জুলাই রাতে অটোরিকশাযোগে পেকুয়া যাচ্ছিলেন। পথে বানিয়ারছড়া-মগনামা পুরোনো সড়কের হারবাংছড়া সেতুর পশ্চিম দিকে পৌঁছলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তিনি মারা যান। জানা যায়, ঘটনার পরদিন ৩ জুলাই হত্যা প্রচেষ্টার অভিযোগে তাঁর জেঠাতো ভাই এএসএম শাহজাহান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। বাবুল মিয়া মারা যাওয়ার পর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় মো. সোহেল, নুরুল আমিন ও আবুল কালামকে গ্রেপ্তার করে। পরেরদিন তাদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। নিহতের স্ত্রী শাহেদা ইয়াসমিন খান বলেন, ‘মামলাটি এখনো আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু সম্প্রতি মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে সাক্ষী ও আমাদের পক্ষের লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। অন্যদিকে মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে শ্রেণিভুক্ত করে বিশেষ বিবেচনায় তা প্রত্যাহারের জন্য আসামি পক্ষ নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আসামিদের রক্ষার জন্য আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তদবির চালাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।’মামলার বাদী এএসএম শাহজাহান চৌধুরী বলেন, ‘বাবুল মিয়া হত্যা মামলাটি বর্তমানে কক্সবাজার দায়রা জজ আদালতে (এসটি-১৭৯/১১) বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এখন মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে প্রত্যাহারের জোর তৎপরতা চলছে।’ তবে এ ব্যাপারে কারও নাম প্রকাশ করেননি শাহজাহান চৌধুরী। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, হত্যাসহ ডাকাতি মামলার আত্মস্বীকৃত ব্যক্তিরা মামলা থেকে অব্যাহতি পেলে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। ‘জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মমতাজ আহমদ বলেন, হত্যা মামলাটি প্রত্যাহারের ব্যাপারে মৌখিকভাবে আমার মতামত চাওয়া হয়েছিল। কিন্তু আমি প্রত্যাহারের পক্ষে মত দিইনি।’ তবে তিনিও তদবিরকারীদের নাম বলেননি।