রাজনৈতিক ভাষ্যকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুদ্দীন হোসেন
সিরাজুদ্দীন হোসেন

গণতন্ত্রই ছিল সিরাজুদ্দীন হোসেনের ধ্যান-জ্ঞান। ১৯৪৭ সালের দেশ বিভাগের আগ থেকেই তাঁর সাংবাদিকতার শুরু কলকাতার আজাদ পত্রিকায়। আজাদ চলে এল ঢাকায়। ১৯৪৮ সালেই রাষ্ট্রভাষা প্রশ্নে মোহাম্মদ আলী জিন্নাহর উর্দুর প্রতি ওকালতি বাঙালি-হূদয়ে দিল এক বিশাল আঘাত। ১৯৫২ সালে খাজা

বাবা সিরাজুদ্দীন হোসেনের কোলে লেখক
বাবা সিরাজুদ্দীন হোসেনের কোলে লেখক

নাজিমুদ্দিন সেটা উসকে দিলেন। যার ফল বায়ান্নর আত্মদান ও ভাষা আন্দোলন। এ সময় আজাদ পত্রিকায় ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যে সাংবাদিকতা করেছেন সিরাজ, তা ছিল অতুলনীয়।
কলকাতার ইসলামিয়া কলেজে সিরাজুদ্দীন হোসেনের সহপাঠী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুদ্দীন মোল্লা, আসফউদ্দৌলা রেজা, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, কাজী গোলাম মাহবুব প্রমুখ। শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছিল সিরাজুদ্দীন হোসেনের সখ্য। সোহরাওয়ার্দী-পন্থী রাজনীতির প্রতি ছিল দুই বন্ধুর আস্থা। ফলে সোহরাওয়ার্দী ও আওয়ামী লীগের রাজনীতির পক্ষে ইত্তেফাক পত্রিকায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার কলাম ও সিরাজুদ্দীন হোসেনের সংবাদ পরিবেশন পায় ভিন্ন মাত্রা। শেখ মুজিবুর রহমানের ৬ দফা বাঙালির মুক্তির সনদ হয়ে ওঠার পেছনে মানিক মিয়ার লেখনী ও সিরাজুদ্দীন হোসেনের প্রচারগুণের অবদান কম নয়।
শিরোনাম দিয়ে বঞ্চনার ইতিহাস তুলে ধরায় সিরাজুদ্দীন হোসেন ছিলেন তুলনাহীন। সিরাজুদ্দীন হোসেনের ‘চিনিল কেমনে’ কিংবা ‘সুক্কুইজ্যা কডে’ শিরোনামগুলোই ছিল পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে চপেটাঘাত। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় যুদ্ধক্ষেত্রের সেনাপতির মতো সিরাজুদ্দীন হোসেন শিরোনাম করলেন, ‘পূর্ব বাংলা রুখিয়া দাঁড়াও’। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিব মুক্তি পাওয়ার পর শিরোনাম হলো: ‘শেখ মুজিব মুক্ত’, নিচে বড় পয়েন্টে, ‘অবশেষে বাংলার মাটিতে বাস্তিলের কারাগার ধসিয়া পড়িয়াছে, জনতার জয় হইয়াছে।’
সিরাজুদ্দীন হোসেন ছিলেন এ দেশের অনুসন্ধানী সাংবাদিকতার জনক। ১৯৬১ সালে লাহোরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের দ্বিতীয় এশীয় সেমিনারে যোগ দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার পাঠ নেন তিনি। এরপর ছেলেধরাদের বিরুদ্ধে একরকম জিহাদই করেন। সে খবরগুলোর কারণে সরকারের টনক নড়ে এবং ছেলেধরাদের হাত থেকে ৬৪টি বালক মুক্তি পায়। আন্তর্জাতিক সংবাদ অঙ্গনে সিরাজুদ্দীন হোসেনের স্বীকৃতি এভাবেই আসে। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট পুরস্কারের জন্য তিনি মনোনয়ন পান।
১৯৭০ সালের নির্বাচন ৬ দফার পক্ষে আওয়ামী লীগকে ম্যান্ডেট এনে দিয়েছিল। এই ম্যান্ডেট না পেলে শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্নতাবাদী বলে পরিচিত হতেন। সত্তরের নির্বাচনের পক্ষে সিরাজুদ্দীন হোসেনের সাংবাদিকতা তাঁর দূরদর্শিতারই পরিচায়ক।
যাঁরা বলেন, একাত্তরে সিরাজুদ্দীন হোসেন কেন ভারতে পালিয়ে যাননি, তাঁদের সংশয় দূর করার জন্য একাত্তরের ইত্তেফাক-এর পাতায় চোখ রাখতে বলি। কেন তিনি সত্যের পক্ষে লড়ে যাওয়া নির্ভীক সাংবাদিক, তার প্রমাণ পাবেন এ সময় ছাপা হওয়া সিরাজুদ্দীন হোসেনের প্রতিবেদন (রাজনৈতিক ভাষ্যকার নামে), সম্পাদকীয়, উপসম্পাদকীয়গুলোয় চোখ বোলালে।
মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দীন আহমদের সঙ্গে সিরাজুদ্দীন হোসেনের যোগাযোগ ছিল মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। আর তাই তাঁর মৃত্যুসংবাদ শুনে সদ্য কারামুক্ত শেখ মুজিব কেঁদে ফেলেন, দেশে ফিরে তাজউদ্দীন আহমদ বলেন, ‘সিরাজের রক্তসিক্ত মাটিতে আমরা সোনার ফসল ফলাব।’
রবীন্দ্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ সাংবাদিকতা, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা হওয়া, বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রতি সীমাহীন বিশ্বাসই বলে দিচ্ছিল তিনি চিহ্নিত হয়ে গেছেন। তাঁর ক্ষুরধার লেখনীকে থামানোর একটাই রাস্তা—তাঁকে হত্যা করা।
পাকিস্তানিদের সঙ্গে মিলে এ দেশের দালাল আলবদর বাহিনী তাই একাত্তরের ১০ ডিসেম্বর দিবাগত রাতে ধরে নিয়ে গিয়েছিল সিরাজুদ্দীন হোসেনকে। পরিকল্পিতভাবে মেধাহত্যার শুরু তাঁকে দিয়েই।
জাহীদ রেজা নূর: শহীদ সিরাজুদ্দীন হোসেনের ছেলে