রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে ব্রিটেন?

স্কটল্যান্ডের গণভোট যতই ঘনিয়ে আসছে, ততই নানা নাটকীয়তা যেমন দেখা যাচ্ছে, ডাইনিং স্ট্রিটসহ ব্রিটিশ এমপি ও মন্ত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষত জনমত জরিপ ক্রমেই হ্যাঁ ভোটের দিকে যেভাবে মতামত বাড়ছে পাচ্ছে, তাতে ধরেই নেওয়া হচ্ছে ১৮ সেপ্টেম্বর নাটকীয় কিছু না হলে স্কটল্যান্ড স্বাধীন হয়ে যাবে। যদি তাই হয়, তাহলে আগামী সাধারণ নির্বাচনে (২০১৫-র মে মাসে অনুষ্ঠিত হবে) কি হবে তখন? বর্তমান জনমত জরিপে দেখা যাচ্ছে স্কটিশ এমপিদের সমর্থন নিয়ে লেবার নেতা এড মিলিব্যান্ড বেশ এগিয়ে আছেন। কিন্তু স্কটিশ এমপিদের না ধরলে মিলিব্যান্ড মাত্র গরিষ্ঠতা নাও পেতে পারেন। সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট?
স্কটল্যান্ড প্রশ্নে ব্রিটেনের ইউনিয়ন জ্যাকের পায়ের নীচ থেকে মাটি সরে গেছে তা অনেকটাই নিশ্চিত। তাই সংবিধান বিশেষজ্ঞ ও রাজনীতিবিদেরা এখনি ভাবছেন, আগামী সাধারণ নির্বাচন যথাসময়ে করা যুক্তিসঙ্গত হবে কি না? অনেকেই এখনি নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে। তাদের যুক্তি স্কটল্যান্ড যদি স্বাধীন হয়েই যায়, তাহলে স্কটিশ এমপিদের ওয়েস্টমিনিস্টারে রাখার কারণ নেই। কিন্তু সাংবিধানিক যে সংকট রয়েছে, সরকার চাইলেও স্কটিশ এমপিদের আগামী ইন্ডিপেনডেন্ট ডের আগে অর্থাত্ মার্চের ২০১৬ সালের আগ পর্যন্ত রাখতেই হবে। এই সময় পর্যন্ত কী হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো নির্বাচন পিছিয়ে দিতে হতে পারে ব্রিটেন, সাংবিধানিক সংকট এড়ানোর জন্য। কিন্তু মন্ত্রীদের এই আলোচনা এখনো প্রচারিত হয়নি কোনো পর্যায়েই, আগামী রেফারেন্ডামের আগে তা প্রকাশ করাটাও যুক্তি সঙ্গত হবে না, এটা সবাই ভালো করেই বোঝেন।
স্কটল্যান্ডের স্কটিশ এমপিদের মধ্যে লেবার দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। মিলিব্যান্ডের লেবার এখনি ৪১ পার্সেন্ট সমর্থন পেয়ে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে, স্কটিশদের সমর্থন নিয়ে মিলিব্যান্ড এগিয়ে থাকবেন সন্দেহ নেই। আর দৌড়ে আছে কনজারভেটিভ (৩১ পার্সেন্ট) ও ইউকিপ (১৩ পার্সেন্ট)। স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন ক্রুটিস নিজেই এই ডাটা উপস্থাপন করে জানালেন, এখন পর্যন্ত সর্বশেষ জনমত জরিপে মিলিব্যান্ড এগিয়ে আছেন।
কিন্তু সব হিসেব ওলোট-পালট হয়ে যাবে, যদি স্কটল্যান্ড স্বাধীন হয়ে যায়। তখন দাবি উঠবে যে, স্কটিশ এমপিদের ওয়েস্ট মিনিস্টারে প্রতিনিধিত্ব জরুরি না। আর সেই হিসাব নিয়ে এখন ক্যামেরন মিলিব্যান্ড ক্লেগ সবাই বিচলিত। স্কটিশ এমপি না হলে মিলিব্যান্ড সরকার গঠন করতে পারবেন না এককভাবে। আবার রাজনীতির মাঠে বর্তমানে ক্যামেরন ও নিক ক্লেগ এক থাকলে নির্বাচনে ইউকিপ নিক ক্লেগের লিব ডেমের ভোট কাটবে সন্দেহ নেই। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনেই তা প্রমাণিত হয়ে গেছে। তখনো কনজারভেটিভ আর লিবডেমের মিলে সরকার গঠনে বাধা রয়ে যাবে। আর সাংবিধানিক এই সংকট নাইজেল ফারাজের ইউকিপের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে।
এই অবস্থার সমাধানে কনজারভেটিভ পার্টির প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী জন রেড উড বলেন, স্কটল্যান্ড যদি স্বাধীন হয়ে যায়, তবে স্কটিশ এমপিদের ইলেকশনের প্রয়োজন নেই। তবে ইতিপূর্বে নির্বাচিত স্কটিশ এমপিরা কেবল মাত্র আগামী ইন্ডিপেন্ডেন্ট ডে পর্যন্ত (মার্চ ২০১৬- যেহেতু ইলেকশন মে ২০১৫) নিজেদের সিটে থাকবেন, তবে কোনো অবস্থাতেই স্কটল্যান্ড ইস্যুর বাইরে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। জন রেড উডের মতে, এটাই সব চেয়ে স্বচ্ছ সমাধান।
এদিকে জনমত জরিপের অবস্থা বেগতিক দেখেই লেবার দলের নেতা মিলিব্যান্ডের প্রস্তাব অনুযায়ী ডেভিড ক্যামেরন, নিক ক্লেগ এক সাথে স্কটল্যান্ডে প্রচার চালাবেন। তাঁরা ভিন্ন ভিন্ন পথে স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চলে প্রচার করবেন এবং বলবেন, স্কটল্যান্ডবাসী যুক্তরাজ্য ছেড়ে যেওনা।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ইউনিয়ন জ্যাকের সাথে স্কটিশ পতাকাও ওড়ানো হয়েছে এবং গণভোট পর্যন্ত থাকবে ধরেই নেয়া যায়।
মোট কথা স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলে ব্রিটেনে আশু রাজনৈতিক এবং সাংবিধানিক এক সংকট দেখা দিতে পারে আর তা থেকে রক্ষা পেতে হয়তো প্রথম বারের মতো ব্রিটেনের সাধারণ নির্বাচন নির্দিষ্ট সময় পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। তবে রাজনৈতিক চিত্র হয়তো পরিস্কার হবে ১৮ সেপ্টেম্বর বিকেলের পর। সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই।