সারাদেশ ও বিশ্বের রাজনৈতিক হানাহানি বন্ধের আহ্বান ও সবার মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হলো রাঙামাটি রাজবন বিহারের ৩৮তম কঠিন চীবর দান উৎসব। গত শুক্রবার বিকেল তিনটায় উৎসবে বিশেষ প্রার্থনায় এ কামনা করা হয়। এ সময় বনভান্তে নামে খ্যাত বৌদ্ধধর্মীয় সাধক সাধনানন্দ মহাস্থবির বলেন, হিংসা, বিদ্বেষ, হানাহানি কাউকে সুখ-শান্তি দিতে পারে না। সকল জীবের প্রতি দয়া, মায়া-মমতা ও অহিংসা সুখ-শান্তি এবং নির্বাণ লাভের একমাত্র উপায়। তিনি হিংসা-বিদ্বেষ পরিহার করে গৌতম বুদ্ধের অহিংস নীতি পালনে সবার প্রতি আহ্বান জানান। এর আগে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ রাজবন বিহার মাঠে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে আসেন বনভান্তে। এ সময় লাখো মানুষ দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তৈরি চীবর সবার পক্ষ থেকে বনভান্তের হাতে তুলে দেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বৌদ্ধযুগের আদলে কঠিন চীবর দান উৎসব উদ্যাপন করেছে বলে উল্লেখ করে দেবাশীষ রায় বলেন, এখন একমাত্র পার্বত্য চট্টগ্রামে এ উৎসবের প্রচলন রয়েছে। এ উৎসব পার্বত্য চট্টগ্রামের জুম সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে ধরে রেখেছে। এ সময় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ প্রার্থনায় নেতৃত্ব দেন উপাসক-উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার পাঠানো বাণী বনভান্তের হাতে অর্পণ করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা, উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি। অনুষ্ঠানে ভারতের মহারাষ্ট্র, মিজোরাম, ত্রিপুরা ও শ্রীলংকা থেকে অনেক পূণ্যার্থী অংশগ্রহণ করেন। এ ছাড়া তিন পার্বত্য জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। চীবর দান উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের সমাগম ঘটে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিকক্সবাজার: কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বাহারছড়া বৌদ্ধ বিহারে ৮ নভেম্বর কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি ও উপসংঘরাজ, রামু সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মালোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধের দর্শনমতে, ধর্ম কোনো অলৌকিক বাণী নয়, এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটি জাগতিক সত্য বিষয়। বুদ্ধ কোনো বিষয় মানুষকে চাপিয়ে দেননি। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘আমার ধর্মে কোনো গোপন বিষয় নেই, যা কিছু সত্য ও মানব কল্যাণকর তা-ই অকপটে প্রকাশ করেছি।’ সধর্ম দেশনা প্রদান করেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের বিহারাধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক সারমিত্র মহাথের, রামু হাজারিকুল বোধিরত্ন বুদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি থের এবং রামু মৈত্রী বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় থের। ডা. রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সুনিল কুমার বড়ুয়া। আলোচনায় অংশ নেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সহসভাপতি নিরঞ্জন বড়ুয়া, বাংলাদেশ মানবাধিকার উদ্যোগ উন্নয়ন ফাউন্ডেশন কক্সবাজার জেলার সভাপতি বাদল চন্দ্র বড়ুয়া, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, বাহারছড়া বৌদ্ধ বিহার ও সমাজ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (যুব) কক্সবাজার অঞ্চলের সভাপতি ও ট্রাস্ট ব্যাংক কক্সবাজারের ব্যবস্থাপক দীপায়ন বড়ুয়া, বাহারছড়া বৌদ্ধ বিহার কঠিন চীবর দান উদ্যাপন পরিষদের আহ্বায়ক রতন বড়ুয়া, বাহারছড়া বৌদ্ধ বিহার ও সমাজ সংরক্ষণ কমিটির সহসাধারণ সম্পাদক পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (যুব) কক্সবাজার অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ও ধর্মদীপা বৌদ্ধ কিশোর যুব ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী সুমন বড়ুয়া, কক্সবাজার মেডিকেল কলেজের প্রভাষক ডা. নোবেল বড়ুয়া প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারমিরসরাই: মিরসরাইয়ের মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের উদ্যোগে কঠিন চীবর দানোৎসব ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। মায়ানীর বিহার কমপ্লেক্স এলাকায় অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করেন দমদমা বিবেকানন্দ বিহারের অধ্যক্ষ মেত্তানন্দ স্থবির ও নানুপুর গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহাথের। এ উপলক্ষে আলোচনায় অংশ নেন পোর্ট কলোনি বৌদ্ধ বিহারের আর্যবংশ মহাস্থবির, শাসন কল্যাণ ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব অনোমদর্শী থের, জিনরতন স্থবির, জিনপ্রিয় স্থবির প্রমুখ। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনার উদ্বোধন করেন মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের পরিচালক জিনালংকার মহাথের। পণ্ডিত ধর্মরক্ষিত মহাথেরের সভাপতিত্বে প্রধান ধর্মালোচক ছিলেন গহিরা তেজবন বিহারের সত্যপাল স্থবির। আলোচনায় অংশ নেন বোধিরতন স্থবির, অনুরুদ্ধ স্থবির, শাসনবংশ মহাস্থবির, জিনপাল স্থবির প্রমুখ। মিরসরাই প্রতিনিধিদি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ: ‘যিনি কঠিন চীবর দান করেন তিনি বুদ্ধপুত্র, আর্য্যশ্রাবক হয়ে অপায়মুক্ত হন।’ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মগুরু ভদন্ত উ পঞ্ঞা জোত থের কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্ম দেশনা করতে গিয়ে একথা বলেছেন। দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে ৬ নভেম্বর রোববার নগরের মুসলিম হলে পঞ্ঞা পস্সানারাম বিহারে বর্ষাব্রত ভিক্ষুর উদ্দেশ্যে উক্ত কঠিন চীবর দান অনুষ্ঠান হয়। দেশনা করতে গিয়ে তিনি আরও বলেন, মনুষ্য জন্মলাভ অতি দুর্লভ। এ ছাড়া বিভিন্ন পুণ্য কর্মাদি সম্পাদনের ফলে অপায়মুক্ত হওয়ার, স্রোতাপত্তি মার্গফল লাভের উপায় সবিস্তারে ব্যাখ্যাসহ বুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনাবলী তিনি তাঁর দেশনায় তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি সৎ গুরুর সান্নিধ্যে থেকে সঠিক ধর্মাচরণ করে নির্বাণ লাভের হেতু অর্জন করার আহ্বান জানান। এ ছাড়া চেতনাসমৃদ্ধ হয়ে দানময়, শীলময়, ভাবনাময় পুণ্যকর্ম সম্পাদন করার পরামর্শ দেন। তিনি গুরুভন্তেকে মূল চীবর দান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভদন্ত উ পঞ্ঞা চক্ক থের। নিজস্ব প্রতিবেদক