রাজপথ ছাড়বে না বিএনপি
গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাজপথ উত্তপ্ত রাখতে চায় বিএনপি। এ লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির ভিত্তিতে চট্টগ্রামেও রাজপথে থাকবেন স্থানীয় নেতা-কর্মীরা। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, আন্দোলনে নেতা-কর্মীদের চাঙা রাখতে দায়িত্বশীল নেতারা ব্যস্ত রয়েছেন। তবে তাঁরা জামায়াত-শিবিরের নাশকতা নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানা গেছে। বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, জামায়াত-শিবিরকে তাণ্ডবের সুযোগ করে দিয়েছে সরকার। দেশে আইনের শাসন এবং সবার সভা-সমাবেশের অধিকার সমুন্নত থাকলে জামায়াত-শিবির তাণ্ডবের সুযোগ পেত না তাঁরা মন্তব্য করেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সভা-সমাবেশ করা সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার। সরকার সেই অধিকার কেড়ে নিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এরই সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়ভাবে ব্যবহার করছে। এ জন্য সরকারকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে, যেটা আমরা চাই না।’ আমীর খসরু আরও বলেন, ‘দেশ ভয়াবহ সংকটে পতিত। এই অবস্থা থেকে মুক্তির একটি পথ হচ্ছে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। এ জন্য আমাদের নেতা-কর্মীরা মাঠে থাকবে। তাঁরা সরকারের একদলীয় অপশাসনের বিরুদ্ধে কথা বলে যাবে।’ দলীয় সূত্র জানায়, জামায়াত-শিবির যে কোনো সময় আবার মাঠে নামতে পারে। সংগঠনটি নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। তবে সংগঠনটির নৈরাজ্যমূলক কর্মকান্ডের সঙ্গে বিএনপির দলীয় নেতা-কর্মীদের দূরে রাখা হবে। বিএনপি সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জবাব গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দিয়ে যাবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। তাঁদের অপকর্মের জবাব আমরা গণতান্ত্রিক ভাষায় দেব। বিএনপি দেশ গঠনে বিশ্বাসী। কারণ দেশকে গড়েছে বিএনপি, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে সম্পদ ধ্বংস করার রাজনীতি বিএনপি করে না।’ মাহবুবুর রহমান আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই অবস্থা থেকে উত্তরণ হতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে। নইলে বিএনপি আন্দোলন সংগ্রাম করে সরকারের পতন ঘটাবে। এজন্যে নেতা-কর্মীরা প্রস্তুত আছে। আগামী দিনের আন্দোলনে সরকারের পতন ঘটবে বলে আমরা আশাবাদী।’