রাজপথে চলন্ত বাগান

একবার ভাবুন তো! আপনি যেখানেই যাচ্ছেন, একটি বাগান সব সময় আপনার সঙ্গেই যাচ্ছে। নানা রকম ফুলের গাছ ও সৌরভ নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন পুরো ঢাকা শহর। কেমন হবে ব্যাপারটা?
সিএনজিচালিত অটোরিকশাচালক এন্তাজ মিয়া তেমনই কিছু একটা করেছেন। মানুষ শখের বশে বাগান করে বাড়ির আঙিনায়, ছাদে, ব্যালকনিতে অথবা এক চিলতে বারান্দায়। এন্তাজ মিয়া বাগান করার জন্য বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক জায়গা। নিজের অটোরিকশায় করেছেন বাগান। শখের এই বাগান আর যাত্রীদের নিয়ে ঘুরে বেড়ান ঢাকার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
এন্তাজ মিয়ার সঙ্গে দেখা হয় কার্জন হলের সামনে যে অস্থায়ী নার্সারিটা গড়ে উঠেছে সেখানে।

অটোরিকশা দাঁড় করিয়ে এক যাত্রীর সঙ্গে দর-কষাকষি করছিলেন ভাড়া নিয়ে। হঠাৎ দৃষ্টি কাড়ল অটোরিকশার চালকের আসনের পাশে থাকা লোহার গ্রিলের ফাঁক দিয়ে উঁকি দেওয়া একটি গোলাপ। প্রথমে ভাবলাম, কেউ হয়তো অটোরিকশায় করে নার্সারি থেকে গাছ নিয়ে যাচ্ছেন। তবে কাছে যেতেই ভুলটা ভাঙল।
এন্তাজ মিয়া তাঁর অটোরিকশায় লাগিয়েছেন গোলাপ, অপরাজিতা, চীনা টগর, রঙ্গন ও পানিকাগাছের চারা। চালকের আসনের দুই পাশে থাকা দুটি দরজার একটি বন্ধ রেখে সেখানে কাঠ দিয়ে তৈরি করেছেন একটি তাক। প্লাস্টিকের বস্তা দিয়ে টবের মতো তৈরি করে সেখানে লাগিয়েছেন কয়েকটি গাছ।
এ ছাড়া গাড়ির লোহার গ্রিলে দড়ি দিয়ে বেঁধে টিন ও প্লাস্টিকের কৌটায় লাগিয়েছেন আরও কয়েকটি গাছ। এমনকি চালকের আসনের সামনের অংশে রেখেছেন সবুজ গাছ। গাছে যেন নিয়মিত পানি দিতে পারেন, সে জন্য প্লাস্টিকের বোতলে রেখেছেন পানি। এর মধ্যে কয়েকটি গাছে আবার ফুটেছে ফুলও।
অটোরিকশার বাগান যাত্রীদের কি আকৃষ্ট করে? এন্তাজ মিয়া বলেন, বেশির ভাগ সময় অনেকে অটোরিকশায় চড়ার আগে গাছগুলো খেয়াল করেন না। তবে অটোরিকশায় চড়ার পর গাছগুলো দেখে মানুষের আগ্রহ জাগে।

জানতে চান এই বাগানের ব্যাপারে। অনেকেই খুব ভালো উদ্যোগ বলে প্রশংসাও করেন।
এন্তাজ মিয়ার তাড়া ছিল যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার। খুব বেশি আর কথা বলা গেল না এই শখের বাগানওয়ালার সঙ্গে। যেতে যেতেই বলে গেলেন কীভাবে মাথায় এল এই বাগানের চিন্তা।
ছয় মাস আগের কথা। একদিন এক নার্সারিতে ছোট এক টবে একটি গোলাপগাছে ফুটন্ত গোলাপ দেখে খুব পছন্দ হয়েছিল এন্তাজ মিয়ার। এতই ভালো লেগেছিল যে গাছটিকে কিনে নিয়ে নিজের কাছে রাখেন। বাড়িতেও রাখতে পারতেন গোলাপের চারাটি। কিন্তু ভাবতে লাগলেন, কীভাবে সব সময় সঙ্গে রাখা যায় গাছ ও ফুলটিকে।
সেই ভাবনা থেকেই শুরু। অটোরিকশার এক পাশে জায়গা হলো গোলাপের চারাটির। হলো বাগানের গোড়াপত্তন। এরপর ধীরে ধীরে বাগানে বাড়তে লাগল গাছের সংখ্যা। আর এন্তাজ মিয়াও সারা ঢাকা শহরে ঘুরে বেড়ান বাগানে বসে।

কলকাতায় ট্যাক্সি ক্যাবে বাগান
বাংলাদেশের এন্তাজ মিয়াই প্রথম নয়। ভারতের কলকাতার ট্যাক্সিচালক ধনঞ্জয় চক্রবর্তী তাঁর ট্যাক্সি ক্যাবের ওপরেও করছেন এমন একটি বাগান। এ নিয়ে দ্য বেটার ইন্ডিয়া নামের একটি ওয়েবপোর্টাল একটি প্রতিবেদন প্রকাশ করে। ধনঞ্জয় ২২ হাজার রুপি খরচ করে ধাতুর তৈরি একটি কাঠামো বসিয়েছেন তাঁর ক্যাবের ওপর। সেখানে লাগিয়েছেন বিভিন্ন চারা। গাছ, মাটি, বালুসহ ধাতব পাত্রটির ওজন প্রায় ৬৫ কেজির মতো। এ ছাড়া ৪০ বছর বয়সী এ চালক গাড়ির পেছনেও টবে লাগিয়েছেন আরও কয়েকটি গাছ। গাড়ির ওজন বেড়ে যাওয়ার ফলে অন্যান্য ক্যাবের চেয়েও এ ক্যাবের তেল খরচ বেশি। কিন্তু তা নিয়ে কোনো চিন্তাই নেই ‘সবুজ রথ’-এর এই মালিকের।