রাজপথে থাকবে নেতা-কর্মীরা
ইব্রাহিম হোসেন চৌধুরী
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নগর আওয়ামী লীগ
প্রথম আলো: বিরোধী দল আবার হরতালের ডাক দিয়েছে। এ অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ কী করবে?
ইব্রাহিম: অতীতের মতোই আওয়ামী লীগ নেতা-কর্মীরা নগরের ২৪টি স্থানে জমায়েত থাকবে। কারও গণতান্ত্রিক অধিকারে আমরা হস্তক্ষেপ করব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার পাশাপাশি জনমত গড়ে তুলব। তবে হরতালের নামে নৈরাজ্য-ভাঙচুর করা হলে তা প্রশাসন দেখবে।
প্রথম আলো: একদিকে প্রস্তাব-পাল্টা প্রস্তাব অন্যদিকে আন্দোলন। বিষয়টি কীভাবে দেখছেন?
ইব্রাহিম: ব্যারিস্টার রফিক-উল হকের মতো বিজ্ঞ ব্যক্তি বলছেন খালেদা জিয়া বর্তমান সরকারকে যে অবৈধ সরকার বলছেন, তা অসাংবিধানিক। তারা একটি প্রস্তাব দিল। সে প্রস্তাব এবং প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগও দেখা যাচ্ছে। এর মধ্যে তারা আবার হরতালের ডাক দিয়ে শান্তিশৃঙ্খলা বিনষ্টের পথে হাঁটছে।
প্রথম আলো: সরকারি দল হিসেবে আপনারা প্রশাসনের কাছ থেকে সুবিধা বেশি পান এমন অভিযোগ বিএনপি নেতাদের।
ইব্রাহিম: যদি প্রশাসনের সুবিধা পেতাম, তাহলে আমরা লালদীঘি মাঠে সমাবেশ করতাম। আমাদের মঞ্চ তো সেখানে তৈরি ছিল। কিন্তু আমরা সমাবেশ করেছি শহীদ মিনারে।
প্রথম আলো: আপনাদের সমাবেশের চেয়ে বিরোধী দলের সমাবেশে লোক সমাগম বেশি ছিল!
ইব্রাহিম : বিরোধী দলের সমাবেশ ছিল ১৮ দলের। তা ছাড়া মহানগর, উত্তর-দক্ষিণের লোকও সমাগম করেছে তারা। আর আমাদের সমাবেশ ছিল শুধু নগর আওয়ামী লীগের। সে দৃষ্টিকোণ থেকে আমাদের লোক সমাগম বেশি হয়েছে।
প্রথম আলো: আন্দোলন মোকাবিলা এবং নির্বাচন প্রস্তুতি—কোনটা কীভাবে করবেন?
ইব্রাহিম: নির্বাচনের প্রস্তুতি আমাদের চলছে। সেখানে যে ব্যক্তিকেই প্রার্থী করা হোক, আমরা তাঁকে সমর্থন করব। অন্যদিকে, বিরোধী দলের প্রগতি ও শান্তির বিরুদ্ধে যে কথিত আন্দোলন, তার বিরুদ্ধে রাজপথে থাকবে আমাদের নেতা-কর্মীরা।