ঈদের ছুটি শেষে আবারও গা-ঝাড়া দিয়ে জেগে উঠতে শুরু করেছে রাজধানী। আবারও মানুষের ভিড়-হট্টগোল আর যানজটে মুখরিত ঢাকা। রাস্তায় অপেক্ষমাণ যানবাহনের সারি হয়ে চলেছে দীর্ঘ থেকে দীর্ঘতর। যানজট ঢাকার সবচেয়ে জটিল ও কঠিন সমস্যাগুলোর একটি। ঢাকার কুখ্যাত যানজট সামলানোর সুকঠিন কাজ যাঁরা করেন, তাঁরা ট্রাফিক পুলিশসদস্য। যানজট নিয়ে মাথা ঘামানোর জন্য বহু উচ্চপদস্থ লোকজন নিশ্চয়ই আছেন। কিন্তু সত্যি কথা বলতে গেলে, আমাদের ট্রাফিক পুলিশরাই যানজট সামলানোর কঠিন যুদ্ধের সামনের সারির যোদ্ধা। শত গাড়ির উচ্চকিত হর্ন, খেপাটে চালক, অসচেতন পথচারী—এমন সহস্র বিপত্তি কাঁধে নিয়ে যাঁদের কাজ করে যেতে হয়, তাঁরা ট্রাফিক পুলিশ। এমনকি ঈদের দিনগুলোতেও ছুটি মেলে না অনেকের। গুটি কয়েকজনের অসাধুতা নিয়ে হয়তো আমরা হইচই করি। কিন্তু, রোদ-বৃষ্টিতে দিনমান কাজ করে যাওয়া এই পেশার মানুষগুলোর শ্রমের মর্যাদা কি আমরা দিতে পেরেছি?ঈদের পরে, দুই ট্রাফিক পুলিশের এই কোলাকুলির দৃশ্য সম্ভবত সে কারণেই আলাদা আবেদন তৈরি করে। ঈদের পরে বাকি সব অফিস-আদালতে কোলাকুলির দৃশ্য থেকে রাজপথের এই দুই ‘যোদ্ধা’র কোলাকুলির দৃশ্য তাই বেশি করে নাড়া দেয়। — ইকবাল হোসাইন চৌধুরী