নতুন চাকরি চাই? ব্রিটিশ রাজপরিবারে একটা পদ খালি আছে। প্রিন্স উইলিয়াম, তাঁর স্ত্রী কেট মিডলটন এবং ভাই প্রিন্স হ্যারি নিজেদের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তার জন্য একজন উপযুক্ত ব্যক্তির খোঁজ করছেন। তাঁর কাজটা হবে প্রতিদিনের সংবাদপ্রবাহের খোঁজ রাখা। এ জন্য চিরায়ত সংবাদমাধ্যমের পাশাপাশি তাঁকে ডিজিটাল এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত অনুসরণ করতে হবে। যোগ্য প্রার্থীর খোঁজে রাজপরিবারের তরুণ সদস্যরা ইতিমধ্যে পেশাজীবীদের অনলাইন যোগাযোগ মাধ্যম লিংকডইনে বিজ্ঞপ্তি দিয়েছেন। তাতে সাড়া দিয়ে ৩ হাজার ৬০০-এর বেশি আবেদনও পড়েছে।
চাকরিটা পূর্ণকালীন এবং মাঝারি থেকে জ্যেষ্ঠ পর্যায়ের পদ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এই চাকরির যোগ্যতা: প্রার্থীকে বিপণন, গণমাধ্যম বা জনসংযোগ দপ্তর এবং দাতব্য প্রতিষ্ঠানের কাজে অভিজ্ঞ হতে হবে। পাশাপাশি সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে তাঁকে সব সময় দক্ষতা ও বিচক্ষণতার প্রমাণ দিতে হবে। যিনি চাকরিটা পাবেন, তাঁকে ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ এবং প্রিন্স হ্যারির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এবং তাঁদের রাজকীয় দায়দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে। তাঁদের দাতব্য প্রতিষ্ঠান দ্য রয়েল ফাউন্ডেশনের দেখভাল করাও জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তার কাজের আওতায় পড়বে।
কেনসিংটন প্যালেসের ওই চাকরির বিজ্ঞাপন প্রকাশের পর দুই সপ্তাহে অন্তত ২৬ হাজার ৫০০ জন এটি খুঁটিয়ে দেখেছেন।
এই পদে চূড়ান্তভাবে মনোনীত ব্যক্তিকে সপ্তাহে ৩৭ ঘণ্টা ৩০ মিনিট কাজ করতে হবে। প্রিন্স উইলিয়াম চলতি বছর রেডিও ওয়ান চ্যানেলে আকস্মিক ঢুঁ মেরেছিলেন। সম্ভবত সেভাবেই লিংকডইনেও ছদ্মনামে ঘোরাফেরা করেন। আর এভাবেই চাকরির বিজ্ঞাপনটা সেখানে দেওয়ার বন্দোবস্ত করেন। তিনি রেডিও ওয়ান আর্লি ব্রেকফাস্ট শো নামের অনুষ্ঠানেও প্রায়ই বেনামে খুদে বার্তা পাঠানোর কথা স্বীকার করেছেন। এ রকম কাজকর্মে নাকি তিনি বিস্তর মজা পান।