রাজপরিবারে মিলনের সুর
দীর্ঘ ১৬ বছরের বিভক্তি ও দ্বন্দ্ব-সংঘাত ভুলে বান্দরবানের পরিবারের সদস্যরা এক হয়েছেন। অতীতের তিক্ততা ভুলে কাছাকাছি এসেছেন তাঁরা। সম্প্রতি রাজপুণ্যাহ উৎসব উপলক্ষে রাজপরিবারের সব সদস্য এক মঞ্চে দাঁড়িয়েছেন। রাজপরিবারের সদ্যদের এই একতা মুগ্ধ করেছে বান্দরবানের সর্বস্তরের আদিবাসী মনুষজনকে। মিলনের এই দৃশ্য দেখে আবেগে অশ্রু সংবরণ করতে পারেননি অনেকে। রাজপরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ১৪তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর উত্তরাধিকার নিয়ে রাজপরিবার বিভক্ত হয়ে পড়ে। তৎকালীন সরকার প্রথমে কে এস প্রু চৌধুরীকে রাজা হিসেবে নিয়োগ দেন। কিন্তু রাজপদের অপর দাবিদার ও বর্তমান রাজা অংশৈপ্রু চৌধুরী উচ্চ আদালতে মামলা দায়ের করলে কে এস প্রু চৌধুরীর অভিষেক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর কে এস প্রু চৌধুরী হেরে যান এবং অংশৈপ্রু চৌধুরীকে সরকার রাজা হিসেবে নিয়োগ দেন। এ ঘটনার পর রাজপরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা ও দূরত্ব তৈরি হয়েছিল।জানা গেছে, রাজকুমার সাচিংপ্রু চৌধুরী ওরফে জেরি রাজপরিবারের সদস্যদের বিভেদ দূর করার উদ্যোগ নেন। উপলক্ষ হিসেবে তিনি বেছে নেন রাজপুণ্যাহকে। রাজপরিবারের প্রবীণ সদস্যদের কাছে অতীত ভুলভ্রান্তির জন্য বাবা অংশৈপ্রু চৌধুরীর হয়ে ক্ষমা চান তিনি। এবারের রাজপুণ্যাহ সভায় রাজপরিবারের সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছিলেন তিনি। তাঁর ডাকে সাড়া দিয়ে পুণ্যাহ উৎসবের মঞ্চে বর্তমান রাজা অংশৈপ্রু চৌধুরী, কে এস প্রু চৌধুরী, প্রয়াত রাজা মংশৈপ্রু চৌধুরীর ছেলে মং এ প্রু, উচপ্রু ও চহ্লাপ্রু উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯ জানুয়ারি শুরু হওয়া রাজপুণ্যাহ উৎসব গত সোমবার (২৩ জানুয়ারি) শেষ হয়েছে। বর্তমান রাজা অংশৈপ্রু রাজপদে অভিষিক্ত হওয়ার পর এবারই প্রথম রাজপরিবারের নবীন-প্রবীণ সবাই উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে কে এস প্রু চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বহু বছর পর সবাই একসঙ্গে বসেছি। খুব ভালো লাগছে।’ বোমাং রাজপদের উত্তরাধিকার নীতি: রাজার বয়োজ্যেষ্ঠ ছেলে রাজা হবে, এটি রাজতন্ত্রে স্বাভাবিক উত্তরাধিকার নীতি। কিন্তু বোমাং রাজপরিবার সেই স্বাভাবিক নীতি অনুসরণ করে না। বোমাং রাজপরিবারের নীতি হচ্ছে রাজপরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি হবেন পরবর্তী রাজা। যোগ্যতার বিচারে বয়োজ্যেষ্ঠতার বিষয়টি অনেক সময় গৌণ হয়ে যায়। আবার বয়সের ভারে অসুস্থ হয়ে পড়লেও তিনি রাজা হওয়ার যোগ্যতা হারাবেন। ফলে অনেক সময় রাজা মনোনীত করা কঠিন হয়ে পড়ে।অংশৈপ্রু চৌধুরীর পরে কে হবেন পরবর্তী রাজা: ১৪তম রাজা মংশৈপ্রু চৌধুরীর মৃত্যুর পর অংশৈপ্রু চৌধুরী ও কে এস প্রু চৌধুরী রাজা হিসেবে সরকারের কাছে আবেদন করেছিলেন। তখন প্রথমে কে এস প্রু চৌধুরীকে সরকার রাজপদে নিয়োগ দিলেও আদালতের রায়ে পরে অংশৈপ্রু বয়োজ্যেষ্ঠতার বিচারে রাজা হয়েছিলেন। ৯৭ বছর বয়সী বোমাং রাজার পরে এম এস প্রু চৌধুরী নামের রাজপরিবারে আরেকজন বয়স্ক ব্যক্তি আছেন। তিনি যদি রাজা হতে চান তাহলে কে এস প্রু চৌধুরী রাজা হবেন কি না, অনেকের প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে রাজপরিবারের এখনো প্রকাশ্যে কেউ কিছু না বললেও নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলেছেন, এম এস প্রু বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তা ছাড়া তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাবন্দীর মতো একাকী জীবন যাপন করছেন। বিগত সময়ে তিনি রাজপদের দাবিদারও ছিলেন না। এ জন্য আদালতের রায় অনুযায়ী প্রথমজন অংশৈপ্রু চৌধুরীর পরে দ্বিতীয় দাবিদার হিসেবে কেএসপ্রু চৌধুরীই রাজা হবেন। এবারের রাজপুণ্যাহ সবাই একসঙ্গে মিলিত হওয়ায় কেএসপ্রুর রাজা হওয়ার পথ আরও সুগম হয়েছে।