রাজপুণ্যাহে রথ দেখা ও কলা বেচা
‘বছরে এক পালা পুণ্যাহ মাঝে আইতো ভালা লাগে। কিছু জিনিস কিনিবার আর ঘুরিবোলাই আইয়ে।’ (বছরে একবার পুণ্যাহ উৎসবে আসতে ভালো লাগে। কিছু জিনিস কিনব আর ঘুরে বেড়াব, এ জন্য এসেছি।) থানচির দুর্গম পর্দাকখালের নেপিউ ম্রো ভাঙা ভাঙা বাংলায় এভাবেই রাজপুণ্যাহে আসার কারণ জানালেন। ২০ জানুয়ারি শুরু হওয়া সপ্তাহব্যাপী এ উৎসব শেষ হয় গতকাল ২৬ জানুয়ারি। এ উপলক্ষে বাঙালি-আদিবাসী ও দেশি-বিদেশি পর্যটকের সমাগমে ্বান্দরবান পরিণত হয়েছিল উৎসবের শহরে। প্রসঙ্গত, জুমচাষি আদিবাসীদের কাছ থেকে আনুষ্ঠানিক খাজনা আদায়ের উৎসবকে রাজপুণ্যাহ বলা হয়। এ উপলক্ষে প্রতিবছর পাঁচ-সাত দিন ধরে মেলারও আয়োজন করা হয়। জানা যায়, ১৮৭৫ সাল থেকে এ অনুষ্ঠান নিয়মিত হচ্ছে। সার্কাস, যাত্রা, মৃত্যুকূপের খেলা ও নৃত্য-গানসহ নানা বিনোদন আয়োজন উপভোগ করেছেন মেলায় আসা লোকজন। ‘পুণ্যাহর স্মৃতি ধরে রাখার জন্যই দেড় শ টাকায় একটি কড়াই কিনলাম।’ বলছিলেন আবদুল করিম। রোয়াংছড়ির ক্যনুমং মারমা বললেন, ‘কাপড়-চোপড় ও পরিবারের মূল্যবান জিনিসপত্র রাখার সুবিধা হবে বলে একটি ট্রাংক কিনেছি।’ জেলা শহরের কাছাকাছি লাইমিপাড়ার জারলম বম জানালেন, তাঁদের পাড়ার একজন লটারিতে মোটরসাইকেল পেয়েছেন। বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী পুণ্যাহ উপলক্ষে বার্ষিক ভাষণ দেন। উল্লেখ্য, বোমাং সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান-কার্বারিরা জুমচাষিদের কাছ থেকে সংগ্রহ করা বার্ষিক খাজনা বা ভূমি রাজস্ব পুণ্যাহ উপলক্ষে জমা দেন।