রাজপুণ্যাহে রাজা দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া থেকে রাজপুণ্যাহে এসেছেন চাইহ্লা প্রু কার্বারি। তিনি ওই এলাকার ম্রাচানাইপাড়ার কার্বারি (পাড়াপ্রধান)। জমির খাজনার পাশাপাশি রাজার জন্য উপহার হিসেবে এনেছেন ১৫ ফুট লম্বা দুটি আখ। পুণ্যাহের মেলায় আসার আগে প্রতিবেশী এক চাষির আখখেতে গিয়ে সবচেয়ে পুরু, লম্বা ও রসালো দুটি আখ কিনেছেন। সে দুটি আখ রাজার হাতে তুলে দিতে পেরে খুব খুশি তিনি। গত শুক্রবার খাগড়াছড়ির জিরো মাইলে রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হওয়া রাজপুণ্যাহ উৎসবের আজ শেষ দিন। মং সার্কেলের (খাগড়াছড়ি) ঐতিহ্যবাহী এই পুণ্যাহের মেলায় চাইহ্লা প্রুর মতো হাজারো আদিবাসী এসেছিলেন রাজাকে একনজর দেখতে। জমির খাজনার পাশাপাশি জুমখেতের ফসল, বিন্নি চাল, নারিকেল, হাঁস, মুরগিসহ নানা উপহারও নিয়ে এসেছেন তাঁরা রাজার জন্য। শুক্রবার সকালে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রাজপুণ্যাহের অনুষ্ঠান। এরপর রাজবাড়ি থেকে মং রাজা সাচিং প্রু চৌধুরী রাজকীয় সাজে অস্থায়ীভাবে নির্মিত দরবার হলের সিংহাসনে এসে বসেন। শুরু হয় হেডম্যান-কার্বারিদের থেকে খাজনা আদায়ের অনুষ্ঠান।দরবার হলে মং রাজা সাচিং প্রু চৌধুরী উপস্থিত আদিবাসী ও বাঙালিদের উদ্দেশে বলেন, অতীতে সংঘাত-সহিংসতায় খাগড়াছড়ি এলাকার বহু মানুষ ঘর-বাড়ি হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষকে পুনর্বাসন করতে হবে।রাজপুণ্যাহে মং সার্কেলের ৮৮টি মৌজার ৮৮ জন হেডম্যান ও ৭৪৯ জন কার্বারি যোগ দিয়েছেন। হেডম্যানদের মধ্যে করেঙ্যানালা মৌজার হেডম্যান সুধাংসু বিকাশ খীসা ছিলেন বয়সে সবচেয়ে প্রবীণ। তিনি ৩২ বছর ধরে হেডম্যানের দায়িত্ব পালন করছেন। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘রাজপুণ্যাহে এসে রাজাকে খাজনা দেওয়ার সুযোগ পেয়েছি—এটা ভাবতেই ভালো লাগছে। ঐতিহ্যবাহী এই প্রথা আমাদের সংস্কৃতিরই অংশ।’মং সার্কেলে চারজন নারী হেডম্যানের মধ্যে মাটিরাঙ্গা মৌজার হেডম্যান আন্যেউ চৌধুরী একজন। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। রাজার জন্য খাজনার পাশাপাশি বিন্নি চাল ও ফলমূল উপহার এনেছি।’রাজবাড়ি সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের ভূমির কর আদায় করে থাকেন মৌজা প্রধান—হেডম্যানরা। পার্বত্য চট্টগ্রামের ভূমিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীভূক্ত ভূমি হলো চাষের উপযুক্ত ভূমি। দ্বিতীয় শ্রেণীভূক্ত ভূমি হলো অপেক্ষাকৃত উঁচুতে অবস্থিত জমি, যেখানে বছরে এক বারের বেশি চাষ করা সম্ভব হয় না। আর তৃতীয় শ্রেণীভূক্ত জমি হলো পাহাড়ি ভূমি। এই তিন শ্রেণী ভূমির মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভূমির কর হেডম্যানরা সরাসরি সরকারের কাছে জমা দেন। তৃতীয় শ্রেণীভুক্ত ভূমি থেকে আদায়কৃত করের মধ্যে শতকরা ৪২ ভাগ রাজা, ৩৮ ভাগ হেডম্যান ও ২০ ভাগ সরকার পেয়ে থাকে। হেডম্যানরা রাজার প্রাপ্য এই কর রাজপুণ্যাহর সময় জমা দেন।দেশের নানা স্থান থেকে পর্যটকেরা এসেছেন মেলা দেখতে। মেলায় নানা রকম হস্তশিল্পের পাশাপাশি বিক্রি হচ্ছে আদিবাসী খাবার-দাবার ও পিঠাপুলি।