রাজবাড়ির মাঠ নাকি পশুচারণভূমি!
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠ গবাদি পশুর অবাধ চারণভূমিতে পরিণত হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ পশুচারণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে মাইকিং করলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ঐতিহ্যবাহী এই মাঠ গবাদিপশুর দখলে চলে গেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মং হ্নৈ চিং মারমা মাইকিংয়ে কাজ না হওয়ার কথা স্বীকার করে বলেন, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ির মাঠে চরতে থাকা গবাদিপশু ধরে কেউ পৌর কর্তৃপক্ষের হাতে তুলে দিলে তাঁকে পুরস্কৃত করা হবে বলে আমরা ঘোষণা দিয়েছি। এ ক্ষেত্রে একটি গরুর জন্য ২০০ টাকা, ছাগলের জন্য ১০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
এদিকে পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, উজানিপাড়ায় অবস্থিত পুরোনো রাজবাড়ি এলাকার মাঠ সংরক্ষণের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। অথচ এটি বান্দরবানের কৃষ্টি–সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত। পাশাপাশি এটি জনবহুল ছোট্ট জেলা শহরের মানুষের অবসর বিনোদনেরও স্থান। পশুচারণের কারণে পরিবেশ এমন দুর্বিষহ হয়ে উঠেছে যে মাঠের ধারে-কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
পুরোনো রাজবাড়ি এলাকার বাসিন্দা এমং প্রু মারমা ও উজানীপাড়ার সিং মং মারমা বলেন, পৌরসভা কর্তৃপক্ষ প্রায় দুই মাস ধরে গবাদিপশু উন্মুক্তভাবে ছেড়ে না দেওয়ার জন্য মাইকিং করছে। মাইকিংয়ে জরিমানার কথা বলা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঠটি এখন প্রায় পরিত্যক্ত হয়ে গবাদিপশুর দখলে চলে গেছে।
কাউন্সিলর মং হ্নৈ চিং মারমা বলেন, প্রায় শ খানেক পরিবার গবাদিপশু লালন–পালন করে। এদের জন্য জেলা শহরের পরিবেশ নষ্ট হচ্ছে। ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ বোমাং রাজপরিবারের সম্পত্তি। রাজপরিবার জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিলেও মাঠ দুটি দেখাশোনা করার দায়িত্ব তাঁদেরও রয়েছে।
পৌরসভার মেয়র জাবেদ রেজা বলেন, পৌরসভার খোঁয়াড় দখল হওয়ায় এত দিন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এখন অস্থায়ী একটি খোঁয়াড় নেওয়া হলেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ১৮ অক্টোবরের মধ্যে কাউকে খোঁয়াড়ের দায়িত্ব দেওয়া হবে। এরপর পশুচারণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে পশুর মালিকদের সঙ্গে আলোচনা করা হবে।