রাজবাড়িতে মহামুনির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন। গ্রামের নাম রাজাভুবন, সেই গ্রামেরই রাজবাড়িতে বসেছিল মেলা। ২ বৈশাখ (১৫ এপ্রিল) শত বছরের পুরোনো এ মেলা হাজারো মানুষের পদভারে মুখর হয়ে ওঠে। নববর্ষ উপলক্ষে রাজবাড়ি মহামুনি মন্দিরে পূজা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানকে ঘিরে জমে ওঠা মেলায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী ও স্থানীয় লোকজন অংশ নেন। এলাকাবাসী জানান, প্রায় ৪০০ বছর আগে রাজাভুবন গ্রামে চাকমা রাজার রাজধানী গড়ে উঠেছিল। সে সময় থেকে চাকমা রাজার তত্ত্বাবধানে রাজবাড়িতে মহামুনি মেলা বসছে। প্রায় ৩০০ বছর রাজ্য শাসনের পর চাকমা রাজারা রাজাভুবন গ্রামের রাজবাড়ি ছেড়ে পার্বত্য রাঙামাটি জেলায় চলে যান। তাঁদের অনুসারীরা প্রতিবছর ২ বৈশাখ রাজবাড়ির মহামুনি মন্দিরে পূজা দিতে আসেন। বিশেষ প্রার্থনা শেষে আবার ফিরে যান। রাজাবাড়ির তত্ত্বাবধায়ক প্রমতোষ দেওয়ান জানান, চাকমা রাজারা যখন রাজাভুবন গ্রামের রাজবাড়িতে বসে রাজ্য শাসন করতেন তখন এ মেলা হত মাসব্যাপী। কিন্তু রাজবাড়ি স্থানান্তরের পর এ মেলার জৌলুস কমতে থাকে। সময় কমে তিন দিন হয়। ১৪-১৫ বছর আগে এক দিনে চলে আসে। মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার বলেন, সময় পরিসর কমলেও রাঙামাটি জেলা থেকে প্রায় চার হাজার আদিবাসী মেলায় আসেন। পাশাপাশি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরাও মহামুনি মন্দিরে বিশেষ পূজা দেন, প্রার্থনা করেন। স্থানীয় মুসলমানেরা রাজবাড়ির পুকুরের চারপাশ ও রাজানগর উচ্চবিদ্যালয়ের মাঠে নানা পণ্য নিয়ে পসরা সাজান। পিঠা, পায়েস, বাঙ্গি-তরমুজসহ খাবারের দোকান দেন। মাটির তৈরি হাঁড়ি-পাতিল, দা, খুন্তি, ছুরি, কাঁচি, ট্রাঙ্ক ও শীতলপাটি বেচাকেনা হয়। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিয়া বলেন, ‘রাজানগর ইউনিয়নের রাজাভুবন মহামুনি মেলা একটি ঐতিহ্যবাহী মেলা। চট্টগ্রাম-কাপ্তাই-রাঙামাটি সড়ক থেকে রাজাভুবন গ্রামে যাতায়াতের সড়কগুলো ভালো থাকায় এবার মেলায় প্রচুর পূজারি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। আশা করছি হারানো ঐতিহ্য ফিরে পাবে মহামুনি মেলা।’