রাজবাড়ির ধ্বংসাবশেষ এখন কালের সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল ভবনের ছাদ ও দেয়ালের আস্তরণ খসে পড়েছে। দেয়ালজুড়ে আশ্রয় নিয়েছে নানা জাতের তরুলতা। নিশ্চিহ্ন হয়ে গেছে সিপাহশালা ও খাদ্যভান্ডার। জরাজীর্ণ অবস্থায় কোনো রকমে টিকে আছে সাক্ষ্যমুনি রাজবিহার নামে দুইটি উপাসনালয়। এভাবেই কালের সাক্ষী হয়ে আছে রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়ির ধ্বংসাবশেষটুকু। যথাযথ সংরক্ষণের অভাবে ৪০০ বছর আগের রাজবাড়িটির এমন হাল হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। অভিযোগ রয়েছে, প্রত্নসম্পদ অধিদপ্তর প্রাচীন নিদর্শন হিসেবে রাজবাড়িটি সংরক্ষণের কথা থাকলেও এ ব্যাপারে তাদের কার্যকর কোনো উদ্যোগ নেই। বর্তমান চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ‘প্রাচীন নিদর্শন হিসেবে রাজবাড়িটি প্রত্নসম্পদ অধিদপ্তরের সংরক্ষণের কথা থাকলেও তারা কিছু করছে না। ২০০৮ সালে অধিদপ্তরের চার সদস্যের একটি দল সর্বশেষ রাজবাড়িটি পরিদর্শন করেন। এরপর আর কোনো খবর নেই।’ এলাকাবাসী জানান, চাকমা রাজার বংশধর প্রমতোষ দেওয়ান কয়েক যুগ ধরে রাজবাড়িটির তত্ত্বাবধান করছেন। রাজবাড়ির স্থাপনাসমূহের দেখভালের পাশাপাশি বাড়ির চারপাশে প্রায় ৩৬ একর জমির কিছু অংশে চাষাবাদ এবং পুুকুর-দিঘির মাছ চাষের আয় থেকে সংসারের খরচ চালান তিনি। অভিযোগ রয়েছে, রাজবাড়ির কিছু জমি দখল করে করাতকল বসিয়ে ব্যবসা করছেন স্থানীয় প্র্রভাবশালী ব্যক্তিরা। এতে রাজবাড়ির পরিবেশ নষ্ট করছে। তবে এ ব্যাপারে কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। প্রমতোষ দেওয়ান (৮০) জানান, রাঙামাটি পার্বত্য জেলার চাকমা রাজার পূর্বসূরিরা রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজাভূবন এলাকায় রাজবাড়ি তৈরি করে এখান থেকে রাজ্য শাসন করতেন। শাসনকাজের সুবিধার জন্য সিপাহশালা, অস্ত্রাগার, খাদ্যভান্ডার ও ধর্মীয় উপাসনালয় গড়ে তোলেন তাঁরা। পানীয় জলের সুবিধার জন্য খনন করা হয় পুকুর ও দিঘি।স্থানীয় প্রবীণ ব্যক্তিদের মতে, ৩০০ বছর আগে থেকে রাজবাড়িটি অযত্ন-অবহেলার শিকার হয়ে আসছে। রাজাভুবনের বাসিন্দা মাওলানা সুলতান আহমেদ (১১০) বলেন, ‘প্রায় ৩০০ বছর আগে তৎকালীন চাকমা রাজা রাঙামাটি পার্বত্য জেলায় চলে যান। এরপর থেকে যথাযথ সংরক্ষণের অভাবে এখানকার রাজবাড়িসহ সব স্থাপনা ক্রমেই ধ্বংস হতে থাকে। তবে রাজা দেবাশীষ রায়সহ অন্য উত্তরসূরিরা প্রতিবছর বৈশাখী মেলার সময় উপাসনা করতে এখানে আসেন।’ যোগাযোগ করা হলে প্রত্নসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আনছারুল হক প্রথম আলোকে বলেন, ‘রাজবাড়িটি ২০০৮ সালে প্রত্নসম্পদ হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে এটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।’