রাজশাহী থেকে বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রাজশাহীর সেরা শিক্ষার্থীদের চোখে অনেক স্বপ্ন। কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক, কেউ বিজ্ঞানী আবার কেউ বড় মাপের ফ্যাশন ডিজাইনার হতে চান। এবার রাজশাহী মহানগরের সেরা কলেজ নিউ গভ. ডিগ্রি কলেজ। এ কলেজ থেকেই এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করতে গিয়ে জানা গেল তাঁদের নানা রঙের স্বপ্নের গল্প।শাকিল জামান নিউ গভ. ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। শাকিলের বাবা কায়েম উদ্দিন একজন ব্যাংকার ও মা মনোয়ারা খাতুন গৃহিণী। শাকিল জামান তাঁর ফলাফলে সন্তুষ্ট। তবে তিনি জানান, তাঁর এই সন্তুষ্টি পরিপূর্ণ হবে, যদি তাঁর স্বপ্নের বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পান। কী তাঁর স্বপ্ন, জানতে চাইলে শাকিল জানান, তিনি প্রকৌশলী হতে চান। এ জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ভর্তি হতে চান।তৌহিদুর রহমানও নিউ গভ. ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর চোখে রঙিন স্বপ্ন। তিনি কম্পিউটার প্রকৌশলী হতে চান। তিনি জানান, ‘এ স্বপ্ন নিয়ে ভালো কলেজে পড়েছি। সেখানে ভালো সহপাঠীদের পেয়েছি। এখন সেই স্বপ্ন পূরণের জন্য ভালো ফলের আনন্দের পাশাপাশি আবার নতুন উদ্যমে আমাকে পড়াশোনা করতে হবে।’ তিনি তাঁর স্বপ্নপূরণের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী।একই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সিরাজাম মুনিরা জিপিএ-৫ পেয়েছেন। তাঁর বাবা হাসান মিয়া সরকারি কর্মকর্তা ও মা ইজ্জাত আরা গৃহিণী। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আমার মা-বাবা ও শিক্ষকেরা আমার মনের মধ্যে স্বপ্ন তৈরি করে দিয়েছেন। এবারের ফলাফলের মধ্য দিয়ে সেই স্বপ্নের শুভ সূচনা হয়েছে।’ তিনি একজন চিকিৎসক হতে চান। এখন মেডিকেল কলেজে ভর্তি হতে পারলেই তাঁর সেই স্বপ্ন পূরণ হবে।ফাতেমা ইসলাম নিউ গভ. ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর বাবা ইসলাম উদ্দিন ও মা জুলফিয়া সিদ্দিকা সরকারি কর্মকর্তা। তাঁরও একটি স্বপ্ন আছে। তাঁর একই কথা, মা-বাবা ও শিক্ষকেরাই তাঁর মনের মধ্যে এই স্বপ্নের জাল বুনেছেন। ফাতেমার স্বপ্ন একজন চিকিৎসক হওয়ার।রাশিদুল ইসলাম রাজশাহী সিটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর বাবা লুৎফর রহমান একজন ব্যাংকার ও মা রোকেয়া বেগম একজন গৃহিণী। রাশিদুল তাঁর স্বপ্ন নিয়ে অনেক দূর যেতে চান। অন্যদের মতো তিনিও প্রকৌশলী হতে চান, কিন্তু তিনি দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকে এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে চান।নিউ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন আফরিনা হক। তাঁর বাবা মাহ্বুবুল হক জেলা জজ। মা এস এ জাহান একজন গৃহিণী। আফরিনা হক স্বপ্ন দেখেন একজন বিজ্ঞানী হওয়ার। এ জন্য তিনি এখন থেকে সেভাবেই পড়াশোনা করেন। তবে তাঁর মধ্যে এক ব্যতিক্রমী ইচ্ছাও আছে। কোনো কারণে তাঁর বিজ্ঞানী হওয়ার স্বপ্ন যদি সত্যি না হয়, তাহলে তিনি একজন বড় মাপের ফ্যাশন ডিজাইনার হওয়ার চেষ্টা করবেন।