রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবের আয়োজন করেছিল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব
ছবি: সংগৃহীত

সারি সারি আমগাছ। প্রতিটি আমগাছেই ঝুলছে কাগজ দিয়ে বানানো সমাবর্তনের টুপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও শিক্ষাবিষয়ক বই। রঙিন কাগজগুলোর দিকে তাকালেই বোঝা যায় এখানে শিক্ষাসংক্রান্ত একটা কিছু হচ্ছে। হ্যাঁ, শিক্ষা নিয়েই এক উৎসবের আয়োজন করেছিল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণে ‘এডুকেশন ফেস্ট ২০২২’ নামের এই উৎসব চলে ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত।

তিন দিনের এ উৎসবে ছিল ভিন্নধর্মী নানা আয়োজন। উৎসব প্রাঙ্গণটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। যেমন শিক্ষা কর্নার, বুক কর্নার, স্টুডেন্ট কর্নার, হায়ার স্টাডিজ কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ইত্যাদি।

শিক্ষা কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নারকে একটু আলাদা বলতেই হয়। শিক্ষা কর্নারে মূলত প্রদর্শিত হয়েছে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ক্রমবিবর্তনের ইতিহাস। ১৮৫৪ সালের উডের ডেসপ্যাচ থেকে শুরু করে ২০১০ সালের সর্বশেষ শিক্ষানীতির মূল বিষয়গুলোও উঠে এসেছে এখানে। মুক্তিযুদ্ধ কর্নারও ছিল আমাদের ইতিহাসনির্ভর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম শহীদ মিনার ঘিরে তৈরি করা হয় মুক্তিযুদ্ধ কর্নার। এখানে জায়গা পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সচিত্র প্রদর্শনী।

এ উৎসবে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে উচ্চশিক্ষা কর্নারটি। এখান থেকে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে তাঁদের নানা জিজ্ঞাসার উত্তর পেয়েছেন, পেয়েছেন পরামর্শও। বুক কর্নারে প্রথমা প্রকাশন, দ্য ইউনিভার্সিটি প্রেস লি. (ইউপিএল), কথাপ্রকাশ, এশিয়া পাবলিকেশন, কাকলী প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশনস, কথামেলা প্রকাশন, র‌্যামন পাবলিশার্স, অয়ন প্রকাশনের মতো প্রকাশনীর স্টল ছিল। গেমস কর্নারে ছিল বাস্কেটবল খেলার সুযোগ। বাস্কেটে বল ফেলতে পারলেই মিলেছে পুরস্কার।

স্টুডেন্ট কর্নারটিতে ভিড় লেগে ছিল সব সময়। ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মাইন্ড মেন্ডারস, রাজশাহী ইউনিভার্সিটি মেন্টাল হেলথ সাপোর্ট ক্লাবের মতো সংগঠনগুলোর স্টল ছিল এখানে। এসব স্টলে দর্শনার্থীরা বিনা মূল্যে মানসিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান। উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় অরণি সাংস্কৃতিক সংসদ, কবিয়াল, স্বনন, ক্যাম্পাস বাউলিয়ানা, ধূমকেতুর মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ডগুলো।

উৎসব ঘুরে দেখছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মামুন অর রশিদ। তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে এ উৎসব থেকে আমি নানাভাবেই উপকৃত হয়েছি। বিশেষ করে হায়ার স্টাডিজ কর্নারে উচ্চশিক্ষা নিয়ে নানা ধরনের পরামর্শ পেয়েছি, যা ভবিষ্যতে আমার কাজে আসবে। তা ছাড়া ফেস্টে মানসিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ ছিল। আমাদের প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা জরুরি। মানসিক স্বাস্থ্য পরীক্ষার এই সুযোগ আমার ভালো লেগেছে। বাংলাদেশের শিক্ষা ও মুক্তিযুদ্ধ নিয়ে এখানে প্রদর্শনীর ব্যবস্থা আছে। এখান থেকেও অনেক অজানা তথ্য জানতে পারলাম।’

উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার জন্য বই পড়া খুব দরকার। তোমরা বেশি করে বই পড়ো, অন্তরকে আলোকিত করো। রবীন্দ্রনাথ বলেছেন, সুশিক্ষার লক্ষণ হলো এটি মানুষকে বিমোহিত করে না, মুক্তি দান করে। সেই মুক্তি হলো অন্তরের মুক্তি, আত্মার মুক্তি। তাই তোমাদের সুশিক্ষিত হতে হবে।’

সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এডুকেশন ক্লাবের এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এ ধরনের বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে আরও উৎসাহিত করা।’

উৎসবের সহযোগিতায় ছিল প্রথম আলো। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন ও স্ন্যাক্স পার্টনার প্রাণ ডাল।