রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ‘ধুয়ে দিই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ থেকে অভিষেক, পলাশ, হামিম ও সালমান
ছবি: লেখক

সারা দিনের ক্লান্তিকর ক্লাস শেষে কিংবা সকালবেলা ক্লাস ধরার তাড়া মাথায় নিয়ে কাপড় ধুতে কার ভালো লাগে? হলের বাসিন্দা আর দশজন শিক্ষার্থীর মতো, তাই মোহাম্মদ সালমান খানও ভাবতেন, কাপড়গুলো কেউ যদি ধুয়ে দিত, কী ভালোই না হতো! কারণ, যে যা-ই বলুক, টিভিতে সাবান বা ডিটারজেন্টের বিজ্ঞাপনে যেমনটা দেখানো হয়, কাপড় ধোয়ার কাজটা আদতে ততটা সহজ নয়।

বলা হয়, কোনো উদ্যোগের মূল কথাই হলো ‘প্রবলেম সলভিং’, অর্থাৎ সমস্যার সমাধান করা। সালমানও এই ‘কাপড় ধোয়া’ সমস্যার একটা সমাধান খুঁজছিলেন। আর এভাবেই জন্ম নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ভিন্নধর্মী উদ্যোগ—ধুয়ে দিই। পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ সালমান খান, হামিম শেঠ, পলাশ বিন ফারুক ও অভিষেক চৌধুরী এ উদ্যোগের কান্ডারি।

শুরুতে ভাবনাটা আসে সালমানের মাথায়। বন্ধু হামিম শেঠের সঙ্গে আলোচনা করে দুজন রীতিমতো খাতা-কলম নিয়ে হিসাব করতে বসে পড়েছিলেন। হিসাব শেষে তাঁদের মনে হলো—সম্ভব। একটা ঝুঁকি নেওয়াই যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁরা শুরু করেন ‘ধুয়ে দিই’ নামে এই ভিন্নধর্মী উদ্যোগ।

উদ্যোগ বাস্তবায়ন করা সহজ ছিল না। অনেকের কাছ থেকে নানা রকম টিপ্পনী শুনতে হয়েছে। তবু শুরু করার পর কাস্টমারদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছিলেন তাঁরা। কিন্তু ২০২০ সালের মার্চ মাসেই করোনার প্রকোপে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন তাঁরা। কারণ, তত দিনে নিজেরা কিছু টাকা বিনিয়োগ করে কিস্তিতে একটা ওয়াশিং মেশিন কিনে ফেলেছিলেন। ব্যবসাই যেখানে বন্ধ, সেখানে কিস্তির টাকা দেবেন কোথা থেকে!

বন্ধুরা মিলে কোনোরকমে কিস্তির টাকা পরিশোধ করেছেন। ক্যাম্পাস চালু হওয়ার পর এখন ‘ধুয়ে দিই’ও চালু হয়েছে পুরোদমে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কাপড় ধুয়ে দেওয়ার এই কার্যক্রম বর্তমানে শুধু ছেলেদের হলে চালু আছে। তবে ‘ধুয়ে দিই’–এর অন্যতম সদস্য হামিম শেঠ জানান, তাঁরা এই সুবিধা ধীরে ধীরে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে দিতে চান।

উদ্যোক্তাদের ক্লাস থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। তাই কাজ মূলত রাতেই করতে হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে কাপড় সংগ্রহ করেন তাঁরা। এরপর সারা রাত ধরে চলে কাপড় পরিষ্কারের কাজ। দিনের বেলা ধোয়া কাপড় পৌঁছে দেওয়া হয় গ্রাহকের হাতে।

চার তরুণ মনে করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ধুয়ে দিই’–এর শাখা খুলতে পারলে এটি একটি টেকসই উদ্যোগ হতে পারে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এখনো খরচ কমই রাখার চেষ্টা করছেন তাঁরা। করোনাকালের আগে টি–শার্ট ধোয়ার জন্য নেওয়া হতো ছয় টাকা। শার্ট ছয় টাকা আর প্যান্ট ধোয়া হতো আট টাকায়। কিন্তু করোনাকালের পর জিনিসপত্রের দাম বাড়ায় তাঁরা সব ধরনের সেবার খরচ দুই টাকা করে বাড়িয়েছেন। শীতকালেও থাকে কাপড় ধোয়ার সুবিধা। সোয়েটার ২০ টাকা, জ্যাকেট ৫০ টাকা, সিঙ্গেল কম্বল ৮০ টাকা এবং ডাবল কম্বল ধোয়ার জন্য ১২০ টাকা করে নিচ্ছেন তাঁরা।