রাজশাহীতে বর্ষবরণ
কাজলা থেকে রুয়েট। মাত্র পাঁচ মিনিটের পথ। কিন্তু এই পথই যেন বেড়ে গিয়ে আধা ঘণ্টায় পরিণত হয়েছে। বছরের অন্য দিনগুলোতে অস্বাভাবিক মনে হলেও বছরের একটা দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা সাধারণ ব্যাপার। কারণ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। আর এই দিনেই প্রতিবছর নতুন রূপে সেজে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথমেই চোখে পড়ে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। প্রতিবছর এই শোভাযাত্রায় কোনো না কোনো বার্তা থাকে। এ বছরের বার্তাটি ছিল দেশের লোকজ সংস্কৃতি তুলে ধরা। রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী বড় বড় শখের হাঁড়ি আর ছোটবেলার টমটম। এভাবেই সেজেছিল শোভাযাত্রা, সঙ্গে আছে নৌকাবাইচের চিত্র। শোভাযাত্রায় অংশ নেওয়া চারুকলার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিমুল বলেন, ‘এই আয়োজন দু সপ্তাহ আগে থেকে শুরু হয়। সকাল থেকে রাত পর্যন্ত আলপনা আর শোভাযাত্রার কাজ করেছি। এখন সেই সব কষ্ট আনন্দে মিশে গেছে।’ ১১টায় শোভাযাত্রার আগে চারুকলা বিভাগের তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন রাবির উপাচার্য এম আবদুস সোবহান। বিভিন্ন বিভাগ এ বছরের নববর্ষকে বরণ করে নেয় নানাভাবে। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ মুখে রং মেখে আবার কেউ কেউ নানা রঙের পোশাক-পরিচ্ছদ পরে বাঙালি সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পালাগান, সংযাত্রা, যাত্রাপালা, লাঠিখেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।