রাজশাহীতে শিশুদের চলচ্চিত্র উৎসব
২২, ২৩ ও ২৪ মার্চ তিন দিনব্যাপী রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। শিশু-কিশোরেরাই আয়োজন করছে এ উৎসবের। সঙ্গে রয়েছেন বড়রাও। উৎসবের পরিচালক হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির জ্যেষ্ঠ নাট্য প্রশিক্ষক আহসান কবির ওরফে লিটন। আহ্বায়ক রফিকুল মুয়াজ্জিন ও সদস্য সচিব সাদীকুর রহমান। স্কুল সমন্বয়ক তাওকীর ইসলামসহ অন্যরা স্কুলে স্কুলে গিয়ে শিশুদের উৎসবে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছে। নিয়মকানুন জানিয়ে দিচ্ছে।তাঁরা শিশুদের অনুষ্ঠান দেখার জন্য বিশেষ ব্যবস্থা করছেন। শিশুদের নিজ নিজ স্কুলের মাধ্যমে নাম নিবন্ধন করার ব্যবস্থা করা হচ্ছে। যেসব শিশু নিজের বিদ্যালয়ের মাধ্যমে নাম নিবন্ধন করাচ্ছে, তারা মাত্র ৩০ টাকা ফি দিয়ে উৎসবের সব কটি ছবি দেখার সুযোগ পাবে। পাশাপাশি তারা গল্প লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিদিন দুটি সেশনে ১০ থেকে ১২টি ছবি প্রদর্শন করা হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১০ টাকার বিনিময়ে একটি সেশনের ছবি দেখতে পারবে। বড়দের জন্য টিকিটের মূল্য ২০ টাকা। তাঁরাও একটি টিকিটে একটি সেশনের সব ছবি দেখতে পারবেন।এবারের উৎসবে বিশ্বের ২৪টি দেশের শিশুদের জন্য নির্মিত ৩২টি ছবি এতে প্রদর্শিত হবে। প্রতিদিন দুপুরে দেড় ঘণ্টার বিরতি দিয়ে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ছবি প্রদর্শিত হবে। গল্প লেখা, চিত্রাঙ্কন ও দেয়াল লিখন প্রতিযোগিতার ফলাফল উৎসবের শেষ দিনে ঘোষণা করা হবে এবং একই সঙ্গে বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হবে।উৎসবের পরিচালক আহসান কবির বলেন, ভালো ছবি দেখা, নির্মাণ করা এবং অন্য শিশুদের দেখানোর উদ্দেশ্যেই এ উৎসবের আয়োজন করা।