চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। গতকাল শনিবার চট্টগ্রাম কাস্টম হাউসে এক সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছিলেন।‘ব্যবসা-বাণিজ্যের সুবিধা ও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ: চট্টগ্রাম অঞ্চলের পরোক্ষ কর ব্যবস্থাপনা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে চট্টগ্রাম কাস্টম হাউস। নবাগত ২৮ জন সহকারী কমিশনারের প্রশিক্ষণ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) হুসেইন আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরিয়া। এতে বক্তব্য দেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কমিশনারেটের কমিশনার ফিরোজ শাহ আলম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক প্রকাশ দেওয়ান, কমিশনার (রপ্তানি) মো. জামাল হোসেন, মংলা কাস্টম হাউসের কমিশনার হাফিজুর রহমান, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ড. আবদুল মান্নান সিকদার, রাজস্ব বোর্ডের প্রথম সচিব ড. খায়রুজ্জামান মজুমদার প্রমুখ। সেমিনারে চট্টগ্রাম কাস্টম হাউসসহ জাতীয় রাজস্ব বোর্ডের সাতটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেমিনারে মূল প্রবন্ধে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে ১০টি বাধা চিহ্নিত করা হয়। এসব বাধা দূর করা গেলে ব্যবসা-বাণিজ্যে সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। এই ১০টি বাধা হচ্ছে সঠিত ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির অভাব, সঠিক শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণে জটিলতা, পণ্যের শুল্কায়নের পর নিরীক্ষা পদ্ধতি চালু না থাকা, জনবল সংকট এবং মামলাজনিত সমস্যা। এ ছাড়া স্বয়ংক্রিয় শুল্কায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা, রপ্তানি পণ্যের ক্ষেত্রে কনটেইনার স্ক্যানিং না থাকা, বেসরকারি কনটেইনার ডিপোতে সীমিতসংখ্যক পণ্য খালাসের ব্যবস্থা, কাস্টম হাউসের গবেষণাগার ও কাস্টম এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমির পর্যাপ্ত আধুনিকায়ন না হওয়াকেও বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেমিনারে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, বিশ্বমানের কাস্টম হাউস হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউসকে গড়ে তুলতে আগামী তিন বছরে এসব বাধা দূর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমদানিকারকেরা যাতে দ্রুত পণ্য খালাস করে নিতে পারেন, সে জন্য বিএসটিআইর একটি ইউনিট কাস্টম হাউসে চালু করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া অন্যান্য বাধা অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দূর করা হবে বলে তিনি জানান। চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ডে জনবল সংকট কাটাতে নতুন করে ১৫২ জন কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন যোগ দিয়েছেন। অন্যরা পর্যায়ক্রমে যোগ দিচ্ছেন। এই কর্মকর্তাদের যোগদান শেষ হলে জনবল সংকট অনেকখানি নিরসন হবে। সে ক্ষেত্রে এসব বাধা মোকাবিলা করা আরও সহজ হবে।সেমিনারে কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া ১০টি বাধা তুলে ধরে বলেন, যেসব চালান খালাস করা হচ্ছে সেগুলো শুল্কায়ন-পরবর্তী নিরীক্ষা করার ব্যবস্থা না থাকলে স্বয়ংক্রিয় পদ্ধতির সুফল পাওয়া সম্ভব নয়।প্রসঙ্গত, একক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউস দেশের মোট রাজস্ব আয়ের ৩০ শতাংশ আদায় করে। গত অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১৬ হাজার ৮০৩ কোটি টাকা।