রাজস্ব আদায় বাড়লেও অবকাঠামোগত সুবিধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের মহালছড়ি মৎস্য আহরণকেন্দ্র থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও কেন্দ্রের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে নজর দিচ্ছে না। এতে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বাড়ানো হলে সংশ্লিষ্ট কেন্দ্রটির ব্যবহার এবং সরকারের রাজস্ব আয় আরও বাড়ত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। জেলে ও মাছ ব্যবসায়ীদের অভিযোগ, মহালছড়ি মৎস্য অবতরণকেন্দ্রটি নামেমাত্র। ছাউনি, জেটি এবং মাছ সংরক্ষণের জন্য বরফের কোনো ব্যবস্থা নেই এখানে। ফলে অনেকে চেঙ্গী নদীর চরে মাছ নামিয়ে সেখান থেকে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ বছর মাছের উৎপাদন এবং রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গত ১৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ১২ দিনে এই উপকেন্দ্র দিয়ে মোট প্রায় সাড়ে ২৫ হাজার কেজি মাছ আহরণ করা হয়েছে। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে দুই লাখ ৬৫ হাজার ৮৮৪ টাকা। আগস্ট মাসে (৩০ আগস্ট পর্যন্ত) আহরণ করা হয়েছে প্রায় ৭৪ টন মাছ। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে সাত লাখ ৫১ হাজার ৮৩০ টাকা। কেন্দ্রের এক পরিসংখ্যানে দেখা গেছে ২০১০-১১ অর্থবছরে এই কেন্দ্রে ৩৩১ টন মাছের বিপরীতে ২৮ লাখ টাকা এবং ২০১১-১২ অর্থবছরে ২৬৯ টন মাছের বিপরীতে প্রায় ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আবুল কালাম বলেন, ‘ধারণা করা হচ্ছে এ বছর অন্যান্য বছরের তুলনায় মৎস্য আহরণ ও রাজস্ব আদায় দুটোই বাড়বে।’ মহালছড়ি মৎস্য অবতরণকেন্দ্রের বিল সহকারী দুলাল চন্দ্র সরকার জানান, বর্তমানে হ্রদের পানি বেশি থাকায় পানির ওপর দিক থেকে চাপিলা, কাচকি ও মলা মাছ বেশি ধরা পড়ছে। পানির স্তর কমে গেলেই বড় আকারের রুই, কাতাল, মৃগেল, নাইলটিকা মাছ ধরা পড়বে। তখন রাজস্ব আয়ও বাড়বে।মহালছড়ির জেলে মো. জসিম বলেন, ‘আমরা মাছ ধরি আল্লাহ্র ওপর ভরসা করে। আমাদের সহযোগিতা করার কেউ নেই। গত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ ছিল। এক্ষেত্রে রাঙামাটির জেলেরা ক্ষতিপূরণ হিসেবে রেশন পেলেও আমরা পাচ্ছি না। আমরা মাছের জন্য সরকারকে কর দিই। কিন্তু ফিশারিঘাটে অবকাঠামোগত কোনো সুযোগ-সুবিধা নেই।’ এ বিষয়ে মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা বলেন, ‘কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকলে মহালছড়ি উপজেলার জেলেদেরও রেশন দেওয়া উচিত।’ মহালছড়ি উপজেলায় সাড়ে পাঁচ শ জেলে রয়েছে বলে তিনি জানান। মহালছড়ি ফিশারিঘাট মৎস্য সমবায় সমিতির যুগ্ম সম্পাদক আবুল খায়ের বলেন, ‘মৎস্য অবতরণকেন্দ্র থেকে সরকার রাজস্ব পাচ্ছে। বিনিময়ে ব্যবসায়ী ও জেলেদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার। এখন খোলা আকাশের নিচে মাছ অবতরণ ও বেচাকেনা চলছে।’ জেলে ও মাছ ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে মৎস্য অবতরণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কেন্দ্রের জন্য এখনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।’