রাজস্ব হারাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন আট উপজেলায় চলাচলরত দেড় হাজার মোটরসাইকেলের অনুমতিপত্র নেই। এ কারণে সরকার বছরে এক কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বেপরোয়া গতিতে চালানোর ফলে বিভিন্ন সড়কে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলগুলোর অধিকাংশই ভাড়ায় চালিত বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। এসব মোটরসাইকেলের অনুমতিপত্র সংগ্রহ করার জন্য সম্প্রতি মালিকদের উদ্দেশে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। বোয়ালখালী বাজারের ব্যবসায়ী আবু ছৈয়দ অভিযোগ করেন, ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো বেপরোয়া গতিতে চালানো হয়। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। গত ১২ সেপ্টেম্বর উপজেলার মধ্য বোয়ালখালী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জ্যোতিশচন্দ্র ঠাকুর নামে এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় মারা যান। এর আগে আট মাসে মারা গেছেন সাত-আটজন। দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন অভিযোগ করেন, ‘ওরা সকালে একটু মোটরসাইকেল চালনা শেখে, বিকেলে তা নিয়ে ভাড়া টানতে বের হয়ে যায়। মোটরসাইকেলগুলোর লাইসেন্স না থাকায় তারা দুর্ঘটনা ঘটালেও সহজে চিহ্নিত করা যায় না।’স্থানীয় লোকজন জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের কারণে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে মোটরসাইকেলের ধাক্কায় হতাহতদের মধ্যে কয়েকজন বিদ্যালয়ের ছাত্রও রয়েছে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, জেলার সর্বত্র ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলোর বেশির ভাগই খাগড়াছড়ি সদর এলাকার প্রদর্শনকেন্দ্র (শোরুম) থেকে কিস্তিতে কেনা। কিস্তি শোধ না করা পর্যন্ত তাঁদের বিক্রয় রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয় না। প্রদর্শনকেন্দ্রের মালিকের মাধ্যমে মোটরসাইকেলের অনুমতিপত্র তৈরি করা বাধ্যতামূলক করলে সরকার বড় অঙ্কের রাজস্ব আয় পাবে বলে তিনি মন্তব্য করে।এ প্রসঙ্গে খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ বলেন, ‘জেলায় দেড় হাজার মোটরসাইকেলের বৈধ কাগজপত্র নেই। এ কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।’ মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ চেষ্টা করে যিনি ক্ষতির শিকার তাঁকে আইনি সহায়তা দিতে। কিন্তু ভুক্তভোগীরা কেন জানি পুলিশকে সহযোগিতা করতে চান না। ১২ সেপ্টেম্বরের দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ জব্দ করার অনেক চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয় লোকজন লুকিয়ে রাখায় তা পাওয়া যায়নি। যিনি মারা গেছেন তাঁর ছেলেও স্বীকার করতে চান না যে তাঁর বাবা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তবে জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। গত মাসে ১০টি মামলা করা হয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার উদ্যোগও নেওয়া হয়েছে।’