রাজা আছেন, রাজপ্রাসাদ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান বোমাং সার্কেলে রাজপ্রথা ও রাজা থাকলেও এখনে স্থায়ী কোনো রাজবাড়ি বা রাজপ্রাসাদ নেই। বর্তমান বোমাং রাজা উ চ প্রু চৌধুরী শহরের জাদিপাড়ায় নিজস্ব বাসভবনে বসবাস করলেও লোকজনের কাছে সেটি সাঙ্গু হোটেল হিসেবে বেশি পরিচিত। সুনির্দিষ্ট রাজবাড়ি না থাকায় ঐতিহ্যপ্রিয় পর্যটকদের কাছে আকর্ষণ হারাচ্ছে বান্দরবান।
বান্দরবানের রাজপরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোমাং রাজাদের ব্যবহূত দুটি বাড়ি এত দিন রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। এর মধ্যে একটি গত বছর ভেঙে ফেলা হয়। অপর বাড়িটিও সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে।
জানা গেছে, ১৩তম বোমাং রাজা ক্যজ সাইন প্রু চৌধুরী ১৯৩৪ সালে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। তিনতলাবিশিষ্ট ওই প্রাসাদ বোমাং রাজপরিবারের ইতিহাসের সাক্ষী ও প্রত্ননিদর্শন ছিল। পর্যটকদেরও অন্যতম আকর্ষণ ছিল এ রাজবাড়ি। কিন্তু রাজপরিবারের সদস্যদের সম্পত্তি ভাগ হয়ে যাওয়ায় ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ায় রাজবাড়িটি গত বছর ভেঙে ফেলা হয়। এরপর ১৪তম বোমাং রাজা মংশৈ প্রু চৌধুরীর (১৯৫৯-১৯৯৬) আমলে আরেকটি রাজবাড়ি নির্মিত হয়েছিল। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এই ভবনও ভেঙে ফেলা হবে বলে রাজপরিবারের সদস্যরা জানান।
বোমাং রাজাদের ইতিহাস ঘেঁটে জানা যায়, মূলত উত্তরাধিকারনীতির কারণে স্থায়ী কোনো রাজবাড়ি গড়ে ওঠেনি। বোমাং রাজবংশের নিয়ম অনুযায়ী, রাজার ছেলে রাজা না হয়ে রাজপরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রাজপদে অধিষ্ঠিত হন। এ জন্য রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজবাড়িও স্থানান্তর হয়ে যায়। এ কারণে স্থায়ী কোনো রাজবাড়ি গড়ে ওঠেনি।
পর্যটনের সঙ্গে যুক্ত লোকজন জানান, দেশি-বিদেশি ঐতিহ্যপ্রিয় পর্যটকেরা বান্দরবানে বেড়াতে এলে সবার আগে দেখতে চান বোমাং রাজবাড়ি। কিন্তু পুরোনো রাজবাড়ি হিসেবে পরিচিত ১৩তম বোমাং রাজার নির্মিত বাড়িটি ভেঙে ফেলার পর পর্যটকেরা রাজবাড়ি দর্শন থেকে বঞ্চিত হচ্ছেন। তবে বর্তমান ও ১৭তম বোমাং রাজা উ চ প্রু চৌধুরী রাজপদে অভিষেকের সময় একটি স্থায়ী রাজবাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রাজপরিবারের জায়গা-জমির উত্তাধিকারসংক্রান্ত জটিলতার কারণে এখনো তা বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে সম্প্রতি উ চ প্রু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজপরিবারের জায়গা-জমি বণ্টনের সমস্যার সমাধান হলে রাজবাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। রাজপরিবারের আর্থিক সংগতি না থাকায় সরকার অথবা উন্নয়ন সহযোগী সংস্থার কাছে তিনি এ ব্যাপারে সহযোগিতা চাইবেন বলে জানান।