রাজা-রানির রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রানি হওয়ার প্রথম শর্ত হলো তাঁকে ভালো মানুষ হতে হবে। দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে কোনো রকম ছাড় দেওয়া চলবে না। আমার রানি হিসেবে আমি তেমন একজনকেই খুঁজে পেয়েছি। তাঁর নাম জেতসুন পেমা। বয়সে সে একেবারেই তরুণ, আর চরিত্রের দিক থেকে হূদয়বান ও আন্তরিক। এই চারিত্রিক বৈশিষ্ট্যই সময়ের সঙ্গে সঙ্গে তাঁকে বিচক্ষণ করে তুলবে, যেন সে সঠিকভাবে দেশের সেবা করতে পারে।’ এভাবেই ভুটানের সংসদের সপ্তম অধিবেশনে রাজকীয় বিয়ের ঘোষণা দেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সেই সঙ্গে হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত ছোট্ট নয়নাভিরাম দেশটিতে শুরু হয় উৎসব। রাজার বিয়ে বলে কথা! অবশেষে ২০১১ সালের ১৩ অক্টোবর মহাধুমধামে রাজা জিগমে খেসার আর জেতসুন পেমার মালাবদল হলো। ভুটানের পুনাখা শহরের পুনাখা ডিজং দুর্গে আয়োজন করা হয় এই রাজকীয় বিয়ের। পুনাখা ডিজংয়ের পুরো নাম পুংট্যাং ডেকেন ফোট্রেং ডিজং, অর্থাৎ পরিপূর্ণ সুখের স্থান। ‘সুখের স্থানে’ দুজনের বাকি জীবন একসঙ্গে সুখে থাকার প্রত্যয়! দাম্পত্য জীবনে সুখেই আছেন রাজা-রানি। অনলাইনে পাওয়া তাঁদের ছবিগুলো অন্তত তা-ই বলে। রাজা জিগমে খেসার জেতসুন পেমাকে মনের কথা বলেছিলেন একটি পারিবারিক পিকনিকে। ভুটানের ছাত্রছাত্রীদের সঙ্গে এক অন্তরঙ্গ আলোচনায় রাজা এ-ও স্বীকার করেছেন, ব্যাপারটা ‘প্রথম দেখায় প্রেম’ই ছিল!ফেসবুকে রাজা জিগমে খেসার আর জেতসুন পেমার পেজ দুটিতে যদি ঢুঁ মারেন, ক্ষণিকের জন্য ভুল বুঝে বসতে পারেন। আপনার মনে হতেই পারে বুঝি কোনো সিনেমার খণ্ডচিত্র দেখছেন! কোথাও রাজা-রানি প্রাসাদের উঠানে বসে চা খেতে খেতে গল্প করছেন, কোথাও দুজন শহরে একসঙ্গে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন...। রাজা মশাইয়ের বাস্কেটবল খেলা কিংবা ছোট শিশুদের সঙ্গে খেলার দৃশ্যগুলোও আপনাকে বিভ্রান্ত করবে। তবে সিনেমা মনে হওয়ার পেছনে সবচেয়ে বড় নিয়ামকের ভূমিকা পালন করবেন স্বয়ং রাজা-রানি। দুজনই যে রূপে-গুণে সিনেমার নায়ক-নায়িকার চেয়ে কম নন!জিগমে খেসার পড়ালেখা করেছেন ভুটান, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। জ্ঞান অন্বেষণে তিনি গেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অবধি। ভুটানের রাজতন্ত্রের শতবর্ষ পূর্তিতে ২০০৮ সালের ১ নভেম্বর ভুটানের পঞ্চম নৃপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। অন্যদিকে, জেতসুন পেমা বড় হয়েছেন থিম্পুতে। বাবা ধনডুপ গিলতসেন একজন পাইলট। পড়ালেখা করেছেন ভুটান, ভারত ও যুক্তরাজ্যে। পেমাও ভালো বাস্কেটবল খেলেন। শিল্পকলা আর আঁকাআঁকিতেও তাঁর দারুণ আগ্রহ। রানির জন্ম ১৯৯০ সালের ৪ জুন। রাজার জন্ম ১৯৮০ সালে। জিগমে খেসার হয়তো জানেন, জন্মতারিখটা তাঁর কাছে যেমন বিশেষ, বাংলাদেশিদের কাছেও খুবই তাৎপর্যপূর্ণ। তাঁর জন্মদিন ২১ ফেব্রুয়ারি!বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ২০১১ সালের মার্চে প্রথমবার ঢাকা সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।গ্রন্থনা: মো. সাইফুল্লাহ