রাজাকার যেভাবে শহীদ মুক্তিযোদ্ধা!
মুক্তিযুদ্ধের সময় শামসুল করিম চৌধুরী ছিলেন শান্তি কমিটি ও জামায়াতে ইসলামীর নেতা। এক মুক্তিযোদ্ধাকে হত্যা করতে গিয়ে নামের ভুলের কারণে রাজাকারেরা তাঁকে হত্যা করে। দীর্ঘদিন এ নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও ৯০-এর দশকে শামসুল করিমের নাম উঠে যায় মুক্তিযোদ্ধাদের তালিকায়। স্বীকৃতি পান শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে। শুধু তা-ই নয়, তাঁর পরিবার বর্তমানে সরকারি মুক্তিযোদ্ধা ভাতাও পাচ্ছেন। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। ঘটনাটি ঘটেছে আনোয়ারা উপজেলায়।তৈলারদ্বীপ গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ওরফে আবু জানান, ‘১৯৭১ সালের ১৭ নভেম্বর উপজেলার বারখাইন এলাকায় রাজাকারেরা হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযানে নামে। সেদিন রাজাকারেরা শামসুল আলম আনোয়ারী নামের এক মুক্তিযোদ্ধাকে হত্যার জন্য খুঁজতে থাকে। রাজাকার বাহিনী রাস্তায় শামসুল করিম চৌধুরীকে পেয়ে জানতে চায়, শামসু কে? উৎফুল্ল হয়ে শামসুল করিম জবাব দেন, ‘আমিই শামসু।’ শামসুল করিম ভেবেছিলেন, রাজাকারেরা তাঁরই সহযোদ্ধা। কিন্তু রাজাকার বাহিনীর সদস্যরা তাঁকে চিনতে পারেনি। শামসুল করিমকে মুক্তিযোদ্ধা শামসুল আলম আনোয়ারী মনে করে গুলি করে হত্যা করে আইরমঙ্গল গ্রামের রাজাকার বজল আহমদ। স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, রাজাকারের গুলিতে নিহত শামসুল করিমকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে তৎপর ছিল একটি চক্র। চক্রটি নানা দেনদরবার করে ৯০-এর দশকে তাঁর নাম তোলে মুক্তিযোদ্ধার তালিকায়। ২০০৫ সালের ২২ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি গেজেটে নাম উঠে যায় শামসুল করিমের। তাঁর ক্রমিক নম্বর ৩১৮১। ২০০৬ সালের ১ জুলাই থেকে ওই নামের বিপরীতে ভাতা তুলেছেন তাঁর স্ত্রী রোকেয়া বেগম। দীর্ঘদিন এ খবর চাপা থাকলেও বর্তমানে জানাজানি হয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয় আনোয়ারায়।সম্প্র্রতি শামসুল করিমের নাম বাতিলের আবেদন জানিয়েছে আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে শামসুল করিমের নাম বাতিল ও ভাতা প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম জানান, শামসুল করিম নামের কেউ কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবিতা রানী দাশ প্রথম আলোকে জানান, ‘বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছি।’বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সহকারী কমান্ডার (ত্রাণ ও পুনর্বাসন) রশিদ আহমদ জানান, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। রাজাকার শামসুল করিমের নাম শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করার কাজে কারা জড়িত ছিলেন তা খতিয়ে দেখা হবে।’উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী বলেন, ‘বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রমাণ হলে তাঁর নাম বাতিল হয়ে যাবে।’