রাজাকারের ভাতিজা বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতলব। চাঁদপুর জেলার একটি উপজেলা। যেখানে আমার দেশের বাড়ি। মতলব জিরো পয়েন্টখ্যাত রিকশাস্ট্যান্ড থেকে একটি রাস্তা বাজারের মধ্য দিয়ে মতলব বড় মসজিদের দিকে গেছে। রাস্তাটি মতলবের হাতেগোনা দু-একটি রাস্তার মধ্যে একটি। দুই পাশে দোকান, ব্যাংক, খাবার হোটেল, আবাসিক হোটেল, সাধনা ঔষধালয়, মুজিব হাজি সাহেবের মার্কেট—সবকিছুই এ রাস্তাটি ঘিরে গড়ে উঠেছে। রাস্তাটির নাম আবদুল লতিফ সড়ক।লতিফ নামের লোকটি একজন কুখ্যাত রাজাকার! পৃথিবীর সব ঘৃণা, কষ্ট ও লজ্জা নিয়ে বলছি, লোকটি আমার বাবার ভাই। বাবা বলতেন, তাঁর ভাইটি ছিল কিছুটা ভাদাইমা প্রকৃতির। কিন্তু প্রচণ্ড মেধাবী। অন্যের কাছে হাত পেতে চলতেন। ছেলেবেলায় আমাদের আখাউড়ার বাসায়ও তাঁকে দেখেছি। প্রায়ই এসে আব্বার কাছে টাকা চাইতেন। আম্মা কিছুটা বিরক্তও হতেন। মুক্তিযুদ্ধের পুরো নয় মাস বাবার রেলওয়ের চাকরির সূত্রে আমরা আগরতলা, আখাউড়ায় কাটিয়েছি।যুদ্ধ শেষে দেশে ফিরে লোকটির কুকীর্তি শুনেছি। তিনি ভালো উর্দু পারায় পাকিস্তানি মেজর-ক্যাপ্টেনদের সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় আজ হিন্দুদের বাড়ি লুট, কাল হিন্দুদের সম্পত্তি দখল, পরশু নিজের নামে রাস্তার নামকরণ করেছেন। তিনি নিহত হন মুক্তিযোদ্ধাদের হাতে। আমার দাদা প্রয়াত কেরামত আলী আমিন ছিলেন মতলব সদর ইউনিয়নের দীর্ঘ ২৮ বছর আমৃত্যু চেয়ারম্যান। আর বাবার ভাই কুখ্যাত রাজাকার। বংশের মুখে কালিমা লেপন করে তিনি পরপারে চলে গেছেন। আর তাঁর কুকর্মের স্মৃতি রেখে গেছেন আমাদের সারা জীবনের মানসিক কষ্টের জন্য!আপনার ভাগ্য ভালো, আপনি চলে গেছেন, না হয় আজ বেঁচে থাকলে অন্য কিছু হতো। চড় হয়তো দিতে পারতাম না, কিন্তু জামার কলার ধরে হুমায়ূন স্যারের নাটকের সংলাপের ভাষায় বলতাম, ‘তুই রাজাকার’।শওকত হোসেন[email protected](বদলে যাও বদলে দাও মিছিল ব্লগ থেকে)