হাতির পিঠ থেকে নেমেই মোলায়েম একটা হাসি হাসলেন রাজা। পাশের এক রাজ্যে বেড়াতে এসেছেন তিনি। ভেবেছিলেন, তাঁর রাজ্যের চেয়ে এই রাজ্যে গরম কম হবে। কিসের কী! যে লাউ, সেই কদু! তাই হাতির পিঠ থেকে নামতে নামতে সেনাপতিকে বললেন, ‘এখানেও কিন্তু আমার রাজ্যের পণ্য চাই! খাবার থেকে শুরু করে প্রসাধন, সব আমার রাজ্যের হতে হবে। সব ঠিকঠাক আছে তো?’
সেনাপতি ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের খুদে সংগীতশিল্পীদের মতো ঘাড় দুলিয়ে জানিয়ে দিলেন, সব তাঁর কথামতোই আয়োজন করা হয়েছে। রাজা খুশি হলেন শুনে, মোলায়েম একটা হাসি হেসে বুঝিয়েও দিলেন সেটা। সঙ্গে যোগ করলেন, ‘এই সফর শেষে তোমার বেতন পাঁচ হাজার টাকা বাড়ানো হবে!’
হাতিশালের বাইরে রাজার জন্য অপেক্ষা করছিল বিশাল ঘোড়াবহর। সেনাপতি গাড়িগুলোর দিকে ইশারা করে বললেন, ‘আপনার সেবায় অপেক্ষারত এই ঘোড়াগুলো আমাদের রাজ্যেরই! ঠিক আপনার কথামতোই কাজ করা হয়েছে, হুজুর।’ ঘোড়াবহর দেখে রাজার মনটা ভরে গেল। বিদেশ–বিভুঁইয়ে এসেও নিজের রাজ্যের ঘোড়াবহর দেখে কার না ভালো লাগে! পুলকিত মনে সেনাপতিকে বললেন, ‘তোমার বেতন পাঁচ হাজার টাকা বাড়ানো হলো!’
হাতিশালের প্রস্থান–তোরণ পেরিয়ে রাজাকে নিয়ে রকেট–বেগে ঘোড়াবহর ছুটল অতিথিশালার দিকে। রাস্তা একেবারে ফাঁকা। একটা পিঁপড়া পর্যন্ত চোখে পড়ছে না। ঘোড়ার ওপরে বসার পর রাজাকে বাতাস করতে লাগল ভৃত্যরা। আরামে চোখ মুদে এল রাজার। সেনাপতিকে আদেশ দিলেন, ‘একটা কড়া দেখে আমার রাজ্যের গান ছাড়ো তো, অবশ্যই মজলিশি গান হওয়া চাই!’
‘“মুন্নির বদনাম”, “শিলার জীবন” নাকি “বাচ্চা পুতলা”, কোন গানটি বাজাব হুজুর?’ সেনাপতি জানতে চাইলেন হাত কচলাতে কচলাতে।
‘“ধুম বাচালে” গানটা বাজাও!’, লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে গম্ভীর গলায় জানিয়ে দিলেন রাজা। সেনাপতি বাদ্য–বাজনার দলকে গান শুরু করতে বললেন। রাজা খুশি খুশি গলায় বললেন, ‘যাও, তোমার বেতন আরও পাঁচ হাজার টাকা বাড়ানো হলো!’
‘ধুম বাচালে’ গানের সুরে মাথা দোলাতে দোলাতে সরাসরি অতিথিশালায় চলে এলেন রাজা। অতিথিশালায় আগেই নির্দেশ দেওয়া ছিল, রাজা এই রাজ্যের কিছুই ব্যবহার করবেন না। তাঁর যা কিছু, ওই রাজ্যের জিনিস দিয়েই হবে। অতিথিশালা কক্ষে ঢুকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজা। তারপর হেঁড়ে গলায় ডাকলেন সেনাপতিকে। দৌড়ে এসে সেনাপতি বললেন, ‘হুজুর, ডেকেছেন?’
‘খিদে পেয়েছে খুব।’, রাজা বললেন, ‘যাও, খাবার দিতে বলো এক্ষুনি। আর খাবারটা যাতে আমার রাজ্যের হয়, সেটা নিশ্চয়ই মনে আছে?’
‘তা আর বলতে, হুজুর!’, সেনাপতি মোমগলানো গলায় বললেন, ‘আপনার জন্য নিরামিষের স্যুপ আর করলার জুস সরাসরি আমাদের রাজ্য থেকেই আনা হয়েছে। পাঁচ মিনিটের মধ্যেই আপনার খাবার পৌঁছে যাবে হুজুর!’
খাওয়া শেষে তৃপ্তির ঢেঁকুর তুললেন রাজা। দরাজ গলায় সেনাপতিকে বললেন, ‘বেড়ে জিনিস খাইয়েছ আজ! যাও, তোমার বেতন আরও পাঁচ হাজার টাকা বাড়ানো হলো! আর শোনো, বিকেলে একটা বৈঠক আছে, সেটার আগে আমি এখন ঘণ্টা দুয়েক ঘুমিয়ে নেব। কেউ যাতে বিরক্ত না করে, সেদিকে খেয়াল রাখবে।’
ত্রস্ত পায়ে সেনাপতি বেরিয়ে যেতেই বিছানায় এলিয়ে পড়লেন রাজা। সঙ্গে সঙ্গেই আরামে চোখে ঘুম নেমে এল তাঁর। কিন্তু আরামের ঘুমটা ভেঙে গেল ঘণ্টা দেড়েকের মাথায়! তলপেটে ভীষণ রকম চাপ অনুভূত হচ্ছে! গলা ছেড়ে সেনাপতিকে ডাকলেন। হন্তদন্ত হয়ে ছুটে এল সেনাপতি! রাজা চোখ পাকিয়ে বললেন, ‘বলেছিলাম আমার ঘুমের মাঝে যেন বিরক্ত না করা হয়! তারপরও এভাবে সময়ের আগে তলপেটে চাপ অনুভব করে আমার ঘুম ভাঙল কেন? কৈফিয়ত দাও!’
সেনাপতি ভয়ে ভয়ে বলল, ‘গোস্তাকি মাফ হয়, হুজুর! খাবার তো আমাদের রাজ্য থেকে নিয়ে আসা হয়েছিল, আসতে আসতে গরমে নষ্ট হয়ে গেল কি না! সেটা খেয়েই মনে হয় আপনার...!’
হুংকার দিয়ে উঠলেন রাজা, ‘আমাকে পচা জিনিস খাইয়েছ! এত্ত বড় সাহস! যাও, তোমার বাড়ানো বেতন কেটে নেওয়ার পাশাপাশি আগামী ছয় মাসের বেতনও কেটে নেওয়া হলো!’ বলেই পেট চেপে ধরে সোজা টয়লেটে ঢুকে গেলেন রাজা। তলপেটের চাপ খালাস করে টয়লেট ফ্ল্যাশ করলেন। কিন্তু কোনো পানি বেরোল না। আরেকবার ফ্ল্যাশ করলেন, তাতেও পানি বেরোল না। ভেতর থেকেই রাজা হুংকার দিলেন সেনাপতির উদ্দেশে, ‘হাঁদারাম, টয়লেটে পানি নেই কেন?’ বাইরে থেকে সেনাপতি ভয়ার্ত গলায় জবাব দিল, ‘হুজুর, আপনি বলেছিলেন সবকিছু আমাদের রাজ্য থেকে আনতে। কিন্তু পানি আনতে তো বলেন নাই! আর এ রাজ্যের নদীতেও এখন পানি নাই, হুজুর!’
সেনাপতির কথা শুনে ছোট্ট একটা নিশ্বাস ফেললেন রাজা!