রাজিয়া-সাগরের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের দান করা হুইলচেয়ারে দুই প্রতিবন্ধী শিশু  প্রথম আলো
বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের দান করা হুইলচেয়ারে দুই প্রতিবন্ধী শিশু প্রথম আলো

রাজিয়া বেগম (১০)। কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর গ্রামের কৃষক আবদুর রহিমের মেয়ে। জন্ম থেকেই এক হাত ও দুই পা অবশ। এর পরও থেমে থাকেনি সে। পড়ছে সুরাজপুর সৌহার্দ্য প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে। কিন্তু বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের বিদ্যালয়ে আসা-যাওয়ায় কষ্ট হচ্ছিল খুব। পরিবারের সদস্যরা প্রতিদিন আনা-নেওয়া করছিল।
অবশেষে রাজিয়ার সেই কষ্ট দূর হলো। সে এখন বিদ্যালয়ে যাবে হুইলচেয়ারে চড়ে। কক্সবাজারের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে সম্প্রতি তার জন্য দেওয়া হয়েছে হুইলচেয়ার। রাজিয়ার মতো একই কষ্ট মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরনতলী গ্রামের খোকন দের ১২ বছরের ছেলে সাগর দেরও। তাঁরও জন্ম থেকে হাত-পা অবশ। চলাফেরা করতে কষ্ট হয়। অথচ শত কষ্টেও সাগর পড়ালেখা করছে। কেরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে। তাকেও দেওয়া হয়েছে হুইলচেয়ার।
হুইল চেয়ারে বসে আনন্দে উচ্ছ্বসিত রাজিয়া বলে, ‘এখন আমার কোনো সমস্যা নেই। বিদ্যালয়ে যেতে আর কষ্ট হবে না।’ রাজিয়ার বাবা বলেন, ‘আমরা বায়তুশ শরফ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।’
খোকন দে বলেন, বায়তুশ শরফ ধর্মীয় প্রতিষ্ঠান হলেও তারা সব সম্প্রদায়ের মধ্যে সেবা কার্যক্রম চালিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, এ পর্যন্ত এই কমপ্লেক্সের আওতাধীন চক্ষু হাসপাতালের মাধ্যমে দুই হাজার ৪৯১ জন প্রতিবন্ধীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘বাধামুক্ত একীভূত সমাজ প্রকল্প’ নামে অন্ধত্ব প্রতিরোধের কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।