‘সম্মানিত মৎস্যজীবী ও খামারি কৃষক-কৃষাণী, আপনার কৃষিসংক্রান্ত যেকোনো তথ্য-পরামর্শ-ছবি-ভিডিও পোস্ট করার মাধ্যমে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এগ্রিকালচার ই-কমার্স রেভ্যুলেশন বিডি’ নামের গ্রুপে ঢুকলে শুরুতেই এ কথাগুলো চোখে পড়ে। এরপর রয়েছে নিয়মাবলি। কৃষক ও ক্রেতা পণ্য কেনাবেচায় যেন না ঠকেন, সে জন্যই কঠিন সব শর্ত সেখানে।
দেশের প্রত্যন্ত এলাকার কোনো কৃষক পণ্য উৎপাদন বা প্রস্তুত করে সেগুলোর বর্ণনা গ্রুপে দিয়ে বিক্রি করতে পারেন। পণ্য ক্রেতার কাছে চলে যায় কুরিয়ারে। এই গ্রুপ পরিচালনাকারী বা অ্যাডমিনদের আনুমানিক হিসাব—মাসে ৭০ থেকে ৮০ লাখ টাকার পণ্যের বিকিকিনি হয় এখানে।
গ্রুপটি চালু হয় ২০১৯ সালে। এখন এর সদস্যসংখ্যা ৫ লাখ ৩২ হাজার। গ্রুপের প্রধান (অ্যাডমিন ক্রিয়েটর) রাজিয়া সুলতানা। তাঁর কথা, ‘কষ্ট করে পরম মমতা নিয়ে যে কৃষক ফসল ফলান, তাঁর ন্যায্যমূল্য না পাওয়াই যেন একটা নিয়তি। এটা নিজ চোখে দেখেছি। সেই ভোগান্তি যেন না হয়, তার জন্যই এ উদ্যোগ।’
নিজেও করেছেন কৃষিকাজ
এই যে কৃষিপণ্যের বিপণনে ইন্টারনেটের সুবিধা আজ রাজিয়া নিচ্ছেন, তা কিন্তু এক দিনে হয়নি। তিনি নিজে মাঠে ফসল ফলিয়ে সেই বাস্তবতা উপলব্ধি করেছেন। শুরুটা ২০১৩ সালে।
রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা রাজিয়া সুলতানার প্রথম উদ্যোগ বুটিক দিয়ে। স্বামী পড়াশোনার জন্য দেশের বাইরে গেলে এ কাজ শুরু করেন। সেই বুটিকের দোকানের এক কর্মচারীর পরামর্শে হাঁসের খামারে মনোযোগী হন। খামার গড়ে তোলেন ময়মনসিংহের হালুয়াঘাটে।
হালুয়াঘাটের সেই খামারের পাশের পতিত জমিতে শুরু করেন বিদেশি সবজির চাষ। ক্যাপসিকাম, ব্রকলি, লেটুস, চেরি, টমেটো, ফ্রেঞ্চ বিন (রাজমা), রেড ক্যাবেজ (লাল বাঁধাকপি), চীনা ক্যাবেজ, স্কোয়াশ। প্রথম বছরে বড় লাভের মুখ দেখেন। রাজিয়া জানান, ৮০ হাজার টাকা বিনিয়োগ করেন পাঁচ বিঘা জমিতে। আয় হয় আড়াই লাখ টাকার মতো। ঢাকা থেকেই হালুয়াঘাটের খামার চালাতেন।
এরপর স্বামী ফিরে আসেন দেশে। তিনি সিলেটে বদলি হন। স্বামীর সঙ্গে সিলেট যেতে হয় রাজিয়াকে। সেখানেই রাজিয়া গড়ে তোলেন খামার। দেখেন, এক বোরো ধান ছাড়া কোনো ফসলের চাষই হয় না। দক্ষিণ সুরমায় তাই গড়ে তোলেন খামার। এক বছরের মাথায় স্বামী আবার বদলি হয়ে ঢাকায় আসেন। এতে বড় অসুবিধায় পড়েন রাজিয়া সুলতানা। তবে হাল ছাড়েন না। ঢাকার আশুলিয়ায় জমি নিয়ে স্বপ্নের কৃষির ফসল বুনতে শুরু করেন। এখন এই আশুলিয়ার খামারসহ, মানিকগঞ্জ ও হালুয়াঘাটে মোট তিনটি খামার তাঁর। বিদেশি সবজি ছাড়াও আছে গরুর খামার।
খামারের সব ফসল এবং পণ্যের ন্যায্য বিপণনের জন্য গড়ে তোলেন ‘এগ্রিকালচার ই-কমার্স রেভুলেশন বিডি’। এর সুবিধা নিচ্ছেন হাজারও কৃষক। তাঁদের একজন চুয়াডাঙ্গার মাসুম বিল্লাহ। তিনি নার্সারি ব্যবসায়ী। এ গ্রুপে যোগ দিয়েছেন দুই মাস আগে। ফেসবুকে এ গ্রুপের সন্ধান পেয়েই এখানে যোগ দেন। মাসুম বলছিলেন, ‘দেখলাম এই গ্রুপে অনেক সদস্য। বেশি সদস্য থাকলে পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। দুই মাসে প্রায় ৬০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। সেই সিলেটেও আমার নার্সারির চারা গেছে।’
নৃতাত্ত্বিক ইতিহাস বলে, কৃষির শুরুটা নারীর হাত ধরেই। কিন্তু এখনো এ দেশে কৃষি মজুর ছাড়া কৃষি উদ্যোক্তা নারীর সংখ্যা হাতে গোনা। ব্যবস্থাপনায় স্নাতক রাজিয়া বলেন, ‘শহরের শিক্ষিত মেয়েরা কৃষিতে আসে না। নারী কৃষিকাজ করবে, বিপণন করবে—এ যেন অলীক কল্পনা। কিন্তু পরিবার সব সময় পাশে এসে দাঁড়িয়েছে। তাই অনেক কিছু সম্ভব হয়েছে।’
রাজিয়া সিলেটে যখন চাষাবাদের কাজ করতেন তখন তাঁর শ্বশুর জামালউদ্দিন মুনসি সহযোগিতা করতেন। পরিবারের সহযোগিতার ফলেই তিন সন্তান নিয়েও কৃষিকাজে ব্রতী হতে পেরেছেন।
নিজের খামার, ফেসবুক গ্রুপ খোলার পাশাপাশি রাজিয়া সুলতানা গড়ে তুলেছেন কৃষিপণ্য বিপণনের প্রতিষ্ঠান রাইয়ান অ্যাগ্রোলিংক। তিনি এটির স্বত্বাধিকারী। রাজিয়া বলেন, ‘শ্বশুরের কাঁধে স্প্রে মেশিন, আমি খেতে স্প্রে করছি। এমনই করেই তিনি আমাকে সহযোগিতা করতেন।’
রাজিয়া মনে করেন, কৃষির সম্ভাবনা অপার। কিন্তু এর বিপণন পদ্ধতি এখনো সেকেলে। সেখানে গতিশীলতা আনতে হবে। আরে এ কাজে নারীদের আসতে হবে, করতে হবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। এভাবে সামাজিক নানা ট্যাবুও ভাঙা সম্ভব বলে মনে করেন তিনি। যেমন রাজধানীর কারওয়ান বাজার একেবারেই পুরুষকেন্দ্রিক বাজার। কিন্তু রাজিয়া সেখানে গত বছর থেকে কৃষিপণ্য সরবরাহ করছেন। জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে প্রতি শুক্র ও শনিবার সকালে বসে ‘কৃষকের বাজার’। সেখানেও একটি স্টল আছে রাজিয়ার।