রাজু হত্যা মামলার আসামিরা দেড় মাসেও গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় প্রতিপক্ষের হামলায় নিহত আমিনুল এহসান ওরফে রাজুর (২২) হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার দেড় মাস পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ রাজুর বাবা ও মামলার বাদী আজিজুল হক।

স্থানীয় লোকজন জানান, গত বছরের ২৫ নভেম্বর চন্দ্রঘোনার জিয়া মার্কেটের কাছে একদল যুবক রাজুর ওপর হামলা চালিয়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ঘটনার পর দিন সকালে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ক্রিকেট খেলার জয়-পরাজয়ের জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করছে তারা।

এদিকে রাজুর মৃত্যুর খবর তাঁর বাড়ি বুইজ্জার দোকান এলাকার ফকিরপাড়ায় পৌঁছালে ওই দিন স্থানীয় ক্ষুব্ধ লোকজন হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে রাজু বাবা আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আরিফ, নেজাম উদ্দিন, মো. ইকবাল, শওকত আকবর, মোহাম্মদ আবসার, শামসুল আলম ও আবুল কালামকে। আসামিরাও একই এলাকার।

এ ব্যাপারে আজিজুল হক বলেন, ‘আমার নির্দোষ ছেলেটাকে হত্যা করে তারা আবার আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় আছি। অথচ এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না।’

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদ আলী বলেন, ‘আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আসামিরা রাঙামাটির অজ্ঞাত স্থানে আত্মগোপনে আছে বলে আমরা খবর পেয়েছি। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।’