রাজেন্দ্র পাচুরির ‘মনুষ্য-ভুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসটি মোটেও ভালো যায়নি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) চেয়ারম্যান ও ভারতীয় গবেষণাপ্রতিষ্ঠান দি এনার্জি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (টেরি) মহাপরিচালক রাজেন্দ্র পাচুরির। ভারত ও ভারতের বাইরের বিভিন্ন বোর্ড ও শিল্প উপদেষ্টা পরিষদের একাধিক পদে অধিষ্ঠিত আছেন তিনি। এ কারণে বিভিন্ন ক্ষেত্রে স্বার্থের সংঘাত ঘটছে বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হিমালয়ের হিমবাহের গলন নিয়ে আইপিসিসির একটি প্রতিবেদন সম্প্রতি ভুল প্রমাণিত হয়। জানা গেছে, কোনো বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে নয়, প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল একটি সাময়িকীতে প্রকাশিত নিবন্ধের ওপর ভিত্তি করে। আইপিসিসির ওই প্রতিবেদন নিয়ে শুধু নয়, পাচুরির কিছু ব্যক্তিগত লেখা মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি প্রকাশিত একটি উপন্যাসের কয়েকটি অধ্যায় মুখরোচক আলোচনায় রসদ জুগিয়েছে। উল্লেখ্য, তিনি উপন্যাস ছাড়া কবিতাও লিখে থাকেন।টেরির মহাপরিচালক পাচুরির দাবি, ২০৩৫ সালের মধ্যে হিমালয়ের হিমবাহ উধাও হয়ে যাওয়ার পূর্বাভাস-সংক্রান্ত ভুল দাবির বিষয়টি গত বছরের শেষ দিকের আগ পর্যন্ত সত্যিকার অর্থে তাঁর দৃষ্টিগোচর হয়নি। একটি সাময়িকীতে হিমবাহবিদ সৈয়দ হাসনাইনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আইপিসিসি ওই প্রতিবেদন তৈরি করে। বিষয়টি সুস্পষ্টভাবে উঠে আসে গত বছরের ১৩ মে। ওই দিন টেরিতে অনুষ্ঠিত এক সভায় ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিভাগের প্রতিনিধি তাঁর উপস্থাপনায় প্রতিবেদনটি থেকে কিছু অংশ উদ্ধৃত করেন। ওই সভায় পাচুরি মূল প্রবন্ধ উপস্থাপন করলেও ইইউ প্রতিনিধির উপস্থাপনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। নিজের প্রবন্ধ উপস্থাপন করেই তিনি সভাস্থল ছেড়ে চলে যান।সৈয়দ হাসনাইন দাবি করেছেন, প্রতিবেদনে তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, গবেষণাপত্রে তিনি কখনোই সময়ের কথা উল্লেখ করেননি। হাসনাইন বলেন, তাঁকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কে টেনে আনা হয়েছে। গত নভেম্বরে বিষয়টি সম্পর্কে ব্যাপকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন পল্লব বাগলা। বিষয়টি নিয়ে পাচুরির সঙ্গে কথা বলেন পল্লব। এবং এ নিয়ে তাঁকে ই-মেইলও করেছেন। কিন্তু পাচুরি বলেন, সংবাদ সম্মেলনের একটি প্রশ্ন নিয়ে আলোচনা ছাড়া তাঁর সঙ্গে আর কোনো কথা হয়নি, যা তিনি বোর্ডেও উত্থাপন করেননি। পল্লব বাগলার পাঠানো কোনো ই-মেইল পড়েননি বলেও দাবি করেন পাচুরি।আইপিসিসির প্রতিবেদনে হিমবাহের গলন-সংক্রান্ত ভুলকে ‘মনুষ্য-ভুল’ হিসেবে অভিহিত করেছেন পাচুরি। তবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ওই ভুলকে ‘অপ্রত্যাশিত’ হিসেবে বর্ণনা করেন পাচুরি। তিনি বলেন, ‘আমার পদত্যাগের কোনো ইচ্ছা নেই। আমার হাতে একটি কাজ রয়েছে। আমি পঞ্চম মূল্যায়ন প্রতিবেদন প্রণয়নের কাজ শেষ করতে যাচ্ছি।’ ভবিষ্যতে এ ধরনের ভুলের কোনো পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য সম্ভাব্য সবকিছু করবেন বলেও উল্লেখ করেছেন পাচুরি। তবে ওই প্রতিবেদন প্রণেতাদের কারও বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানান তিনি। পাচুরি বলেন, প্রতিবেদনের কোনো প্রণেতার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তাঁদের নেই। কারণ, তাঁরা আইপিসিসির কর্মী নন। পাচুরির বিরুদ্ধে স্বার্থের সংঘাত-সংশ্লিষ্ট যে অভিযোগ তোলা হয়েছে, সেটা যাচাই করা খুবই কঠিন। কারণ, যে সরকারগুলো আইপিসিসি গঠন করেছে, তারা সেখানে স্বার্থ নিরূপণ করার কোনো পথ রাখেনি। কিংবা সংঘাত যাচাই করারও কোনো পথও বাতলে দেওয়া হয়নি। ব্যক্তিস্বার্থ হাসিলের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, সেটা অস্বীকার করেছেন পাচুরি। তিনি বলেন, ২০০২ সালে তাঁকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল, তখন তিনি এমনকি আইপিসিসি থেকে অর্থ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন। আইপিসিসিতে তাঁর পরামর্শ ও কাজের জন্য যে অর্থ দেওয়া হয়, সেটা যায় টেরিতে, তাঁর কাছে নয়। দি ইকোনমিস্ট অবলম্বনে দাউদ ইসলাম।