সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের চার গ্রামের বাসিন্দাদের এখন নির্ঘুম রাত কাটছে। গত এক সপ্তাহ ধরে বন্য হাতির তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। হাতির তাণ্ডব থেকে বসতঘর ও ফসলের খেত রক্ষা করতে গ্রামের লোকজন পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন। এর মধ্যে ৭ ডিসেম্বর রাতে পাহারা দিতে গিয়ে মোহাম্মদ ইউনুচ (৪৫) নামের এক কৃষক হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন।
এলাকার বাসিন্দা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৬ ডিসেম্বর থেকে ১৪টি বন্য হাতির একটি পাল খাবার সংগ্রহের জন্য ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা, সন্দ্বীপপাড়া, হরিণতোয়া ও পাহাড়কূল গ্রামের বসতঘর, পাকা আমন ধান, সবজিখেত, কলাবাগান ও সামাজিক বনায়নের চারাগাছ নষ্ট করেছে। হাতিগুলো বর্তমানে ওই এলাকার পূর্ব পাহাড়ের আশপাশে অবস্থান করছে। সুযোগ পেলেই লোকালয়ে হানা দিয়ে তাণ্ডব চালাচ্ছে। গ্রামের লোকজন মশাল ও খড় জ্বালিয়ে, বাঁশি বাজিয়ে, হইচই করে ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন।
সন্দ্বীপপাড়া গ্রামের বাসিন্দা বদরুল ইসলাম ও পাহাড়কূল গ্রামের মো. ইব্রাহিম জানান, এক সপ্তাহ ধরে বন্য হাতির পালটি গ্রামগুলোতে তাণ্ডব চালিয়ে বসতঘর, পাকা আমন ধান ও সবজিখেতের ক্ষতি করেছে। তাই হাতির তাণ্ডব থেকে বাঁচতে গ্রামের লোকজন পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।
তাঁরা জানান, প্রতিবছর শীত মৌসুমের শুরুতে বন্য হাতির পাল খাবারের খোঁজে পাহাড়ের পাশের গ্রামের লোকালয়ে হানা দেয়। সাতকানিয়া উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, প্রতিবছর বন্য হাতির পাল খাবারের খোঁজে লোকালয়ে এসে ফসল নষ্টের পাশাপাশি প্রাণহানি ঘটাচ্ছে। কিন্তু হাতিগুলো তাড়ানোর কোনো ব্যবস্থা নেই। ফলে পাহাড়ের পাশের এলাকার মানুষ ও চাষিরা হাতি আসার খবরে নির্ঘুম রাত কাটান। তিনি জানান, চলতি বছর সাতকানিয়া উপজেলায় বন্য হাতির তাণ্ডবে অন্তত ৩০ হেক্টর আমনখেত ও ১০ হেক্টর সবজিখেত নষ্ট হয়েছে।
ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, ছয়-সাত বছর ধরে প্রতি শীত মৌসুমে বন্য হাতি এ ইউনিয়নের কয়েকটি গ্রামে হানা দিয়ে ফসল নষ্ট করার পাশাপাশি গ্রামের লোকজনের ওপর আক্রমণ করছে।