রাত-দুপুরের তামাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে ঘুম ভাঙিয়ে কেউ যদি প্রশ্ন করে, ‘ভাই, আপনার নাম কী?’ তাহলে কার মেজাজ ঠিক থাকে? তা ফোনের ওপাশে যতই কোকিলকণ্ঠী থাকুক না কেন। কিছুটা রাগের সঙ্গেই তাই ঝাঁজালো কণ্ঠে জবাব দিলাম, ‘শায়েস্তা খান।’‘যাহ্! শায়েস্তা খান আবার কারও নাম হয় নাকি?’‘কেন, শায়েস্তা খান কারও নাম হতে পারে না নাকি? শোনেননি, শায়েস্তা খানের আমলে টাকায় আট মণ চাল পাওয়া যেত?’‘তা ঠিক। কিন্তু আপনার নাম এটা না।’‘আচ্ছা যান, আমার নাম শাহরুখ খান, এবার হলো তো?’‘আপনি আবার ফাজলামি করছেন? আসল নামটা বলেন নারে ভাই!’‘ঠিক আছে, আমার নাম জহির খান।’‘সত্যি করে বলো তো, তুমি কি আমাকে চিনতে পারছ না?’ কোকিলকণ্ঠীর কণ্ঠে এবার নিখাদ অসহায়ত্ব ঝরে পড়ল।আমি না সত্যি সত্যিই চিনতে পারছি না, কিন্তু এই সত্যিটা বলে মেয়েটাকে কষ্ট দিতে ইচ্ছে করল না। শত হলেও আমি তো একজন ছেলে, নাকি? আর একজন ছেলে হয়ে একজন মেয়েকে ‘কষ্ট’ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর মেয়েটা যেহেতু এখন আপনি থেকে ‘তুমি’তে নেমে এসেছে, তার মানে আমার পরিচিত কেউ। তাই আমিও পরিচিত কারও সঙ্গে কথা বলছি, এমনভাবে কথা বলতে লাগলাম।‘হ্যাঁ, হ্যাঁ, বেশ চিনতে পারছি। চিনতে পারব না কেন? আজব!’‘তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, ভাবলাম কাকে না কাকে আবার ফোন করে বসলাম! আচ্ছা, যাহোক শোনো, তুমি কি তোমার টার্ম পেপার জমা দিয়েছ?’টার্ম পেপারের কথা যেহেতু বলছে, তার মানে মেয়েটা আমার কোনো ক্লাসমেট। কণ্ঠটাও এবার পরিচিত পরিচিত লাগছে। কেমন যেন ফ্যাসফ্যাসে। কে হতে পারে? আঁখি? নাকি মার্জিয়া? মনের মধ্যে চিন্তার ঝড় বইছে। চিন্তা করতে করতেই জবাব দিই, ‘না, দিইনি এখনো। আরও কয়েক দিন পরে দেব।’‘জানো, তোমাকে আজ কালো টি-শার্টে দারুণ লাগছিল।’এটা নিশ্চয়ই তানিলা। ক্লাসে এই একটা মাত্র ‘ভালো’ মেয়ে আছে, যে কিনা সবকিছু (অন্তত আমার ব্যাপারে!) পজিটিভলি দেখে।‘সত্যি?’‘খুউব সত্যি! আচ্ছা, তোমার মিডটার্মগুলো কেমন হচ্ছে?’‘হচ্ছে, কোনো রকম আর কি! তোমার?’‘আমারটা বেশি ভালো হচ্ছে না।’‘ও, আচ্ছা।’‘ও আচ্ছা মানে?’‘কিছু না!’‘কিছু না মানে কী? তুই আসলে কী বলতে চাচ্ছিস?’নাহ্! এটা তো তানিলাও না। এটা সম্ভবত মুমু। রেগে গেলে ক্লাসে একমাত্র ওই আমাকে ‘তুই’ করে বলে। ওকে শান্ত করতে তাই বললাম, ‘রেগে যাচ্ছো কেন?’‘রেগে যাব না? আমার পরীক্ষা খারাপ হচ্ছে, এটা শুধু তোর কাছে “ও, আচ্ছা”র ব্যাপার, না?’‘আমি আসলে কথার কথা বলেছি, প্লিজ, রাগ কোরো না।’‘আচ্ছা, যা রাগ করব না, এবার বল, তুই কথা দিয়ে কথা রাখলি না কেন?’‘মানে?’‘তুই কি ভেবেছিস, এই রাত-দুপুরে তোকে আমি টার্মপেপার আর মিডটার্মের কথা জানতে ফোন করেছি।’‘তাহলে?’‘তুমি কি সত্যি ভুলে গেছ, আজ আমার জন্মদিন ছিল। তোমার না আজ আমার বাসায় আসার কথা ছিল!’ মুমুর রাগ অনেকটাই পড়ে এসেছে। ও আবার ‘তুমি’তে ফিরে এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে ও আসলে মুমু নয়। ওর জন্মদিন তো আরও দুই মাস পরে। তাহলে মুমু ভেবে এতক্ষণ ধরে আমি কার সঙ্গে কথা বলছি? আমতা আমতা করে তাই বলেই ফেললাম, ‘কিছু মনে করবেন না। আপনি আসলে কার কাছে ফোন করেছেন?’ কিছু যে একটা ঘাপলা আছে, তা ও নিজেও বুঝতে পেরেছে। তাই কোনো তর্কে না গিয়ে বলল, ‘আপনি শায়ের খান না?’‘জি, আমি শায়ের খানই তো!’‘ঢাকা বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট স্টাডিজ?’‘এটাও ঠিক আছে। আচ্ছা, আপনি মুমু না?’‘হ্যাঁ।’সবই তো ঠিক আছে! তাহলে সমস্যাটা কোথায়? কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করি, ‘আপনি কোন ব্যাচ?’‘দশম ব্যাচ। আপনি?’‘ইয়ে...মানে...আপু...আমি তো ষোলোতম ব্যাচ!’শব্দহীন কয়েক মুহূর্ত কেটে গেল। হঠা ৎ ই ও প্রান্ত থেকে ‘সরি, ভাইয়া, কিছু মনে কোরো না।’ বলেই লাইনটা কেটে দিল। আশীষ মণ্ডলম্যানেজমেন্ট স্টাডিজঢাকা বিশ্ববিদ্যালয়।