রাতভর অশ্লীল নাচ বৈশাখী মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামে স্বাধীনতা ও বৈশাখী মেলায় এখন রাতভর চলছে ভ্যারাইটি শোর নামে অশ্লীল নাচগান। মাইকের শব্দে অতিষ্ঠ আশপাশের চলমান এইচএসসি পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এ মেলা আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন নগর আওয়ামী লীগের বিভিন্ন নেতা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশার লোকজন। এর আগে গত ৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত লালদীঘি মাঠেও চলেছে ভ্যারাইটি শোর নামে অশ্লীল প্রদর্শনী। সেটাও ছিল স্বাধীনতা উদ্যাপনের নামে। নগরের আউটার স্টেডিয়ামে স্বাধীনতা ও বৈশাখী মেলা শুরু হয় গত ২৩ মার্চ। ২২ এপ্রিল পর্যন্ত মেলা চলবে বলে জানা গেছে। শুরু থেকেই মাঠের এক কোণে চলছে ভ্যারাইটি শো। অশ্লীল এ নৃত্য প্রদর্শনীতে প্রতিদিন খেটে খাওয়া মানুষের পাশাপাশি আকৃষ্ট হচ্ছে বিদ্যালয়-কলেজের শিক্ষার্থী ও তরুণেরা। রাতভর এখানে উচ্চ স্বরে মাইক বাজে। এতে কাজীর দেউড়ি ও আশপাশের এলাকার এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীরা টেলিফোনে এর প্রতিবাদ জানিয়ে প্রতিকার চেয়েছেন। এ মেলা আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ওরফে দানু। তিনি মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান। ভ্যারাইটি শো চলার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার কথা আমাদের মাথায় ছিল না। আমরা ওদের (ভ্যারাইটি শো) রাতে মাইক বাজাতে নিষেধ করে দেব। আর অশ্লীলতা করার জন্য আমরা তাদের এখানে জায়গা দিইনি।’ সরেজমিনে দেখা গেছে, রাত সাড়ে সাতটা থেকে ভেরাইটি শো শুরু হয়। রাত যত বাড়ে ততই মানুষের ভিড় বাড়ে এতে। লাইন ধরে টিকিট কেটে কাজীর দেউড়ি এলাকার শ্রমিক ছাড়াও বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও তরুণেরা এ ভেরাইটি শোতে ঢুকছে। ভেরাইটি শো ছাড়াও মেলার মূলমঞ্চে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এজন্য স্টেডিয়ামের চারপাশে লাগানো হয়েছে মাইক। এতেও শিক্ষার্থীদের পড়ালেখায় সমস্যায় পড়তে হয়। এইচএসসি পরীক্ষার্থী শাহীন বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অবশ্যই হবে। কিন্তু এত মাইক লাগানোর প্রয়োজন কী? মঞ্চের সামনের দর্শকেরা যাতে শুনতে পারে সে ব্যবস্থাই তো যথেষ্ট। তবে সবচেয়ে বেশি অত্যাচার করছে ভেরাইটি শোর শব্দদূষণ। ভেরাইটি শো ছাড়াও আউটার স্টেডিয়ামের মাঠজুড়ে বসেছে আরও অন্তত ২০-২৫টি দোকান। এতে খাবারের দোকান ছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প, বিভিন্ন হস্তশিল্পজাত ও উপহারসামগ্রীর দোকান রয়েছে। এসব দোকান প্রতিদিন রাত ১১টার মধ্যে বন্ধ হয়ে গেলেও রাতভর সরগরম থাকে ভেরাইটি শোর আসর। ভেরাইটি শোর পাশে লটারির মাধ্যমে জুয়ার আসরও বসে। এ প্রসঙ্গে নগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘বৈশাখী মেলার শব্দদূষণ আশপাশের বাসিন্দাদের যথেষ্ট ক্ষতি করছে। আমরা তাদের এ ব্যাপারে সতর্ক করেছি। কয়েকবার মাইকও জব্দ করেছি। আর অশ্লীল নাচের ব্যাপারে আমরা সতর্ক আছি। গত মাসেও অভিযান চালানো হয়েছিল। এবারও দেখব।’ প্রসঙ্গত, এর আগে মার্চ মাসে লালদীঘির মাঠে স্বাধীনতা উদ্যাপনের আড়ালে ভেরাইটি শোর প্রদর্শনী চলাকালে অশ্লীল নাচগানের অভিযোগে পুলিশ ১২ জন নারীকে গ্রেপ্তার করেছিল। পরে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত তাদের প্রত্যেককে চার দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছিলেন।