রাতভর আনন্দ-উল্লাস
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এস এম তানজিম হোসেনের জীবনে একটা আফসোস থেকে যাবে। বহু কষ্টে টিকিট জোগাড় করে বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা দেখতে গিয়েছিলেন। বাংলাদেশের আট উইকেট পড়তেই অনেকের সঙ্গে হতাশ হয়ে বেরিয়ে আসেন স্টেডিয়াম থেকে। স্টেডিয়াম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কর্নেলহাট মোড়ে আসতেই উল্লাসধ্বনি শুনতে পেলেন তিনি। একটা দোকানের সামনে জটলা। দাঁড়িয়ে পড়লেন তিনিও। এর পরের ঘটনা অবিশ্বাস্য। কল্পনাকেও হার মানায়। শফিউল ও মাহমুদউল্লাহ নতুন এক রূপকথার জন্ম দিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই রূপকথা যেখানে রচিত হয়েছে, সেখানে তিনিও ছিলেন। কিন্তু আফসোস, প্রত্যক্ষদর্শী হতে পারলেন না। তবে আফসোস করার সময় তিনি পেলেন না। মুহূর্তেই রাস্তা দখল করে নিল হাজার হাজার মানুষ। ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে ফেটে পড়ছে চারদিক। সেই উল্লাস-উৎ সবে শামিল হলেন তিনি।বাংলাদেশের ক্রিকেট-ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে গত শুক্রবার। সে অধ্যায়ে ক্রিকেটারদের কীর্তির পাশে অন্তত একটি অনুচ্ছেদ থাকবে নাম না-জানা কোটি ক্রিকেটপাগল দর্শকের উল্লাস-উন্মাদনা নিয়ে। বলা হবে, এদিন সারা দেশ নেমে এসেছিল রাস্তায়। আলিঙ্গন করছিল নতুন এক মুহূর্তকে। এমন মুহূর্তের মুখোমুখি এর আগে দেশবাসী খুব একটা হয়নি। সারা দেশের চেয়ে চট্টগ্রামের চিত্র একটু যেন ভিন্ন ছিল। এ খেলার আগে চট্টগ্রামের দর্শকেরা আশায় বুক বেঁধেছিলেন। কারণ, এখান থেকেই তো সবকিছুর শুরু। ব্রিটিশবিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম—সবকিছুরই নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম। ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত বাংলাদেশের বিজয়ের নিশান আবার এখান থেকেই উঠবে—এ আশা তো করাই যায়। দর্শকের সেই আশার বাস্তবায়ন ঘটল শেষ পর্যন্ত। তবে চরম নাটকীয়তায় ভরা ম্যাচটিতে বাংলাদেশের জয় হবে কি না, সংশয় ছিল মাহমুদউল্লাহর শেষবার ব্যাট হাঁকানো পর্যন্ত। জয় পেয়ে তাই বিহ্বল, বিস্মিত, আনন্দিত দর্শক কী করবে, বুঝতে পারছিল না। জহুর আহমেদ স্টেডিয়ামের আশপাশে তো বটেই, শহরের প্রায় প্রতিটি রাস্তায় গভীর রাত পর্যন্ত উল্লাস করেছে নগরবাসী। হাতে পতাকা, মুখে লাল-সবুজ রং এমন কাউকে দেখলেই উচ্ছ্বসিত হয়ে পড়ছিল রাস্তায় দাঁড়ানো লোকজন। জোরে হর্ন বাজিয়ে জনতার উল্লাসে ঘি ঢেলে দিয়ে যাচ্ছিল পথচলতি গাড়িগুলো। তামিম ইকবালের বাসার সামনে প্রায় ভোর পর্যন্ত উল্লাস করেছে জনতা। সাগরিকা স্টেডিয়াম থেকে পেনিনসুলা হোটেল পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে অপেক্ষা করেছে বাংলাদেশের টিম-বাস আসার। মানুষের বাড়াবাড়ি উচ্ছ্বাসের কারণে খেলোয়াড়দের বাস যেতে অনেক দেরি হয়। রাত একটা ৫৬ মিনিটে টিম-বাস হোটেলে পৌঁছায়। তবে খেলোয়াড়দের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দর্শকদের শেষ পর্যন্ত হটে যেতে হয় রাস্তা থেকে। নিরাপত্তার কারণে তাঁদের সরিয়ে দিতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরের সিআরবি মোড়, আগ্রাবাদ, নিউমার্কেট, জামালখান, পাথরঘাটা, হালিশহর, চান্দগাঁও—সবখানেই আনন্দমিছিল চলেছে থেমে থেমে গভীর রাত পর্যন্ত। ফয়’স লেক এলাকায় রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল শত শত মানুষ। প্রায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে মুখে কেরোসিন নিয়ে আগুনের খেলা দেখাচ্ছিলেন এক যুবক। তাঁকে ঘিরে সবাই উল্লাস করছিল। ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে কান পাতা দায়। ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের চিকিৎ সাবিজ্ঞান শেষ বর্ষের ছাত্র এস এম শাহেদুর রহমান ও তাঁর সহপাঠী অর্পণ দেবনাথ দাঁড়িয়েছিলেন বাংলাদেশের টিম-বাস আসার অপেক্ষায়। তাঁরা চিৎ কার করে বললেন, আজ যা খেলল বাংলাদেশ, তা সত্যিই বিস্ময়কর। এই দলটি বিশ্বের যেকোনো দলকেই হারাতে পারে। নগরের ইস্পাহানি মোড়ে জনতার স্রোতে যোগ দিয়েছিলেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল। তিনি বলেন, ‘খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে সবাই প্রস্তুত ছিল। ট্রাকমিছিল নিয়ে লোকজন আসছে। ট্রাকচালকেরাও এত রাতে ঘুম নষ্ট করে বেরিয়ে পড়েছে। এটাই ভালো লাগছে।’ বাদল জানান, এমন উৎ সব উপলক্ষে সব মানুষের মধ্যে যে ঐক্য রচিত হয়, সেটাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এভাবে জয়ের উপলক্ষকে কেন্দ্র করে এ দেশের তরুণেরা উজ্জীবিত হচ্ছে। এই প্রেরণা থেকে এঁরা দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।’