
সন্ধ্যা থেকে হানা দিতে শুরু করেছিল শীত, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে জাঁকিয়েও বসল। কিন্তু এমন ঠান্ডা উপেক্ষা করে মধ্যরাতেও শিল্পকলার মিলনায়তনভর্তি দর্শক শুনছিলেন উচ্চাঙ্গ সংগীত। সুরের মায়ার কাছে হার মানল শীত। সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ আয়োজিত দুদিনব্যাপী উচ্চাঙ্গ সংগীতের আসরের শেষ দিনটি এভাবেই উদ্যাপন করল দর্শক।
১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত সদারঙ্গের ঊনবিংশতিতম উচ্চাঙ্গ সংগীতের আসরের সবচেয়ে বড় পাওনা হয়ে থাকল দর্শকদের বিপুল সাড়া। সদারঙ্গের গত কয়েকটি আসরের তুলনায় এবার দর্শক সমাগম হয়েছিল বেশি। শাস্ত্রীয়সংগীতের প্রতি দর্শকের আগ্রহ যে বেড়েছে এটা চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন হলো না। আয়োজনকে ঘিরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণও সাজানো হয়েছিল উৎসবের সাজে। আলোকসজ্জার পাশাপাশি গুণী সংগীতশিল্পীদের ছবি লাগানো হয়েছিল চত্বরে।
সংগীত সম্মেলনে এবার ভারত ও বাংলাদেশের ২৩ জন শিল্পী অংশ নেন। এঁদের মধ্যে বাংলাদেশের তিন ভাই ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী দম্পতির পরিবেশনার কথা মনে থাকবে দর্শকের।
১৩ জানুয়ারি সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে এই সম্মেলনের উদ্বোধন করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল জলিল মন্ডল। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী।
প্রথম দিন রাগ বসন্ত গেয়ে সংগীতের আসর শুরু করেন সদারঙ্গের শিক্ষার্থীরা। এর পরই চট্টগ্রামের লিপু দাশ রাগ ভূপালিতে খেয়াল পরিবেশন করেন। আসরে পশ্চিমবঙ্গের রাজরূপা চৌধুরী সরোদ বাজিয়ে মুগ্ধ করেন দর্শকদের। এরপরেই ছিল চট্টগ্রামের মালবিকা দাশের গলায় খেয়াল। আসরের শেষ পরিবেশনায় অংশ নেন নারায়ণগঞ্জের তিন সহদোর সবুজ আহমেদ, কামরুল আহমেদ ও শান্ত আহমেদ। তাঁদের তবলা, বাঁশি এবং বেহালার আলাপে মুগ্ধ হয় দর্শক।
১৪ জানুয়ারি বিকেল চারটায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান। সভায় ‘শিল্প ও নৈতিকতা’ শীর্ষক আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক অসিত রায়, সংগীতগুরু সঞ্জীব দে এবং কলকাতার শিল্পী ইন্দ্রদীপ ঘোষ।
রাত সাড়ে দশটায় সদারঙ্গের শিল্পীদের কেদার রাগ পরিবেশনের মধ্য দিয়ে আবারও শুরু হয় উচ্চাঙ্গ সংগীতের আসর। শুরুতে সম্মেলনের সবচেয়ে কনিষ্ঠ শিল্পী মৌমিতা হক খেয়াল গাইল ইমন রাগে। এরপর মঞ্চে এল কলকাতার শুভেন্দু দাশ ও তাঁর স্ত্রী শ্রুতি পাঠক দাশ। প্রায় এক ঘণ্টার যুগল তবলাবাদন মুগ্ধ হয়ে শুনলেন দর্শকেরা। এরপর মঞ্চে এল কলকাতার আরেক শিল্পী শুচিশ্রী রায়। তিনি পরিবেশন করেন খেয়াল। এরপর রাজশাহীর শিল্পী অসিত রায় পরিবেশন করলেন ধ্রুপদ সংগীত। মাঝরাতে সেতার বাজান চট্টগ্রামের সত্যজিৎ চক্রবর্তী ও খেয়াল গেয়ে শোনান গাজীপুরের প্রিয়াঙ্কা গোপ। ভোরের দিকে বেজে ওঠে পশ্চিমবঙ্গের ইন্দ্রদীপ ঘোষের বেহালা। কলকাতার প্রদীপ ব্যানার্জি আসরের শেষ খেয়ালটি যখন গেয়ে শেষ করেন ঘড়িতে তখন সকাল সাড়ে ছয়টা।