রাতার খালে সেতু চায় ১০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার রাতার খাল সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের ১০ গ্রামের মানুষ। পাহাড়ি এ এলাকার মানুষ পর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তবে রাতার খাল সেতু সংস্কার না হওয়ায় এলাকার কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিনিয়ত বন্য হাতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় চুনতি রাতারখাল এলাকার সুফিনগর, বাঁশখালীপাড়া, রাতারকুল, আহমদ্যাপাড়া, কানাঘোনা, আধুনগর গুচ্ছগ্রাম, সিকদারপাড়া, নতুন মিরিখিলপাড়া ও বার্মাপাড়ার লোকজনকে। এখানকার অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। সেতু ভেঙে পড়ায় তাদের সংকট আরও বেড়েছে বলে জানান অধিবাসীরা। স্থানীয় জনপ্রতিনিধি মো. হোসেন জানান, ‘রাতার খাল সেতু পুনর্নির্মাণ করা হলে হাজার হাজার মানুষের দুর্ভোগ কমবে। সেতুটি ভেঙে যাওয়ায় খালের দুপারের মানুষ বৃষ্টি হলেই চরম বিপাকে পড়ে।’ চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা জানান, ‘সেতুর অভাবে কৃষিকাজ, অসুস্থ রোগী পারাপার, দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ও সন্তানদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ রাখতে হয়।’ চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, ‘উপজেলা প্রশাসনে দেনদরবার করেও এ সেতু পুনর্নির্মাণের বরাদ্দ পাওয়া যায়নি।’ লোহাগাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অনুসন্ধানে জানা যায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন জানান, সেতুটি নির্মাণের এক বছরের মধ্যে ভেঙে যায়। তা ছাড়া প্রতিবছর বর্ষাকালে এ সেতু দিয়ে পারাপারের সময় নানা দুর্ঘটনা ঘটে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম রাশেদুর রহমান জানান, ‘স্বল্পব্যয়ে গ্রামীণ রাস্তাঘাট, পুল-কালভার্ট নির্মাণ প্রকল্প থেকে সেতুটি নির্মাণ করা হয়েছে।’ বর্তমানে এ প্রকল্প বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘নির্মাণকাজে ত্রুটি এবং অতিরিক্ত বন্যার পানির ঢলে সেতুটি স্বল্প সময়ে ভেঙে যায়। প্রকল্প হাতে পেলে অগ্রাধিকার ভিত্তিতে সেতুটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।’ চুনতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দত্ত বড়ুয়া বলেন, ‘রাতার খাল এলাকার শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে বিদ্যালয়ে আসতে পারে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা প্রথম আলোকে জানান, এ এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে না।