রাতে থানা ঘেরাও সকালে বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৬ ডিসেম্বর। ক্যাপ্টেন আবদুস সোবহানের নেতৃত্বে ৪৭ জনের মুক্তিযোদ্ধাদের একটি দল রামু থানার দিকে রওনা দেয়। সন্ধ্যায় দলটি ঈদগড়ের মুরংপাড়া ক্যাম্প থেকে গর্জনিয়া হয়ে কাউয়ারখোপ প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। রাতেই শুরু হয় অভিযান। বাঁকখালী নদীর ওপারে রামু থানা ভবনের চারপাশ ঘিরে ফেলেন। ৭ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধারা রামু থানা দখল করেন। থানায় অবস্থানরত হানাদার বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় নয়টি রাইফেল ও বিপুল গোলাবারুদ নিজেদের আয়ত্তে নেন মুক্তিযোদ্ধারা। রক্তপাতহীন যুদ্ধে শত্রুমুক্ত হয় রামু থানা।
ওই দিন রামু থানা চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আবদুস সোবহান। এ সময় রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুক্তিযোদ্ধা আবু আহমদ একটি রিকশায় মাইক বেঁধে জয় বাংলা, জয় বাংলা ধ্বনি তুলে রামুকে শত্রুমুক্ত অঞ্চল ঘোষণা করেন। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় সেই দিনের স্মৃতিচারণা করেন অভিযানে নেতৃত্ব দেওয়া রামুর মরিচ্যা এলাকার বাসিন্দা ক্যাপ্টেন আবদুস সোবহান।
দিবসটি পালন উপলক্ষে ৭ ডিসেম্বর সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ে আলোচনা সভায় আয়োজন করে রামু মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্যাপন পরিষদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোজাফফর আহমদ। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা শামসুল আলম, গোলাম কবির, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, ফরিদ আহমদ, শামীম আহসান, মোহাম্মদ আলম প্রমুখ।
মোজাফফর আহমদ বলেন, স্বাধীন বাংলাদেশে রাজাকারদের ঠাঁই নেই। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করছেন।