রাতে মাছ ধরার নৌযানে আসছে ইয়াবা
ইয়াবা পাচার রোধে স্থলপথে কড়াকড়ি। যখন-তখন যানবাহনে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি। ধরাও পড়ছে চালান। অন্য দিকে সগরপথে নজরদারি কম। সব মাছ ধরার নৌযান বা ট্রলারে তল্লাশি সম্ভব হয়ে ওঠে না। এই সুযোগে ইয়াবার বড় চালান পাচারের রুট হয়ে উঠেছে সাগরপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন এই তথ্য।
কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করে দেখা গেছে, মাছ ধরার নৌযান বা ট্রলার। রাতের অাঁধার। সাগরপথ। বাহন, সময় ও পথের এই তিনটিই এখন ইয়াবার বড় চালান পাচারে ব্যবহার করছেন পাচারকারীরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাগরপথে ঝুঁকি ও খরচ কম। সব বাহিনীর অভিযানও নেই। এ সুযোগ কাজে লাগিয়ে পাচারকারীরা ইয়াবা পাচারের চেষ্টা করছে। তবে এখন কোস্টগার্ডের সহায়তা নিয়ে আমরাও নজরদারি করছি। নৌবাহিনীরও সহায়তা চাইব।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাবমতে, গত ১০ মাসে সাগরপথে পাচারের সময় পাঁচটি চালানেই ধরা পড়েছে ২২ লাখ ৮৫ হাজার ইয়াবা। নৌবাহিনী, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব ইয়াবা জব্দ করেছে। এর বাইরে কোস্টগার্ড পূর্বাঞ্চল ছোট-বড় চালানে আনা প্রায় ১২ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে, যেগুলোর সিংহভাগই সাগরপথে আনা হয়েছে।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত সাগরপথে যেসব ইয়াবার চালান জব্দ হয়েছে, সেগুলো রাতে মাছ ধরার ট্রলারে আনা হয়েছে। এখন প্রতিটি মাছ ধরার নৌযানে তল্লাশি করা না গেলেও চলাচলের ওপর তদারকি বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, ‘সাগরপথে চোরাচালান রোধ করতে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে চোরাচালানবিরোধী সচেতনতামূলক কার্যক্রম হাতেও নিয়েছিলাম। এর ফলে বেশ কিছুদিন বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। আমরাও নজরদারি জোরদার করেছি।’
সাগরপথে মিয়ানমার থেকে পাচারের সময় ১৪ অক্টোবর বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার নৌযান থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের সহায়তায় এসব ইয়াবা বড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে নৌযানে করে এই ইয়াবা প্রথমে কক্সবাজারের জলসীমায় আনা হয়। এরপর তুলে দেওয়া হয় চট্টগ্রামমুখী আরেকটি মাছ ধরার নৌযানে। স্থলপথে পৌঁছানোর আগেই বন্দর জলসীমায় বহির্নোঙরে মাছ ধরার নৌযানসহ ইয়াবা বড়ি জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনার পরদিন ভোররাতে বন্দরের অদূরে সাগর থেকে একটি মাছ ধরার নৌযানসহ ৩৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, সাগরপথে মাছ ধরার নৌযানে আনা ইয়াবার চালান প্রথম ধরা পড়ে গত বছরের ২০ জুন। নগরের ফিশারি ঘাটে একটি দোকান থেকে ৩০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করে পুলিশ। আটক দুজন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, এফবি সাগর নামে একটি মাছ ধরার ট্রলারে এসব ইয়াবা বড়ি এনে দোকানে রাখা হয়। এ ঘটনার পর কোস্টগার্ড ও নৌবাহিনী মাছ ধরার নৌযানে নজরদারি বাড়ায়। গত বছর সাতটি চালানে ৭ লাখ ৭২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। সব চালানই আনা হয় মাছ ধরার নৌযানে।
সাগরপথে ইয়াবার চালান ধরা পড়ার পর জব্দ করে দেওয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। এরপর অধিদপ্তরের কর্মকর্তারা বাদী হয়ে মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, ‘সাগরপথে বড় চালান আনার নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে। গত ফেব্রুয়ারি মাসে নৌবাহিনীর অভিযানে উদ্ধার ১৪ লাখ ইয়াবা বড়ি জব্দের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। এঁরা উপকূলীয় এলাকার।’