রাতেও ঘুমায় না চৈতন্য গলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যরাতে গোটা শহর যখন ঘুমিয়ে, চৈতন্য গলিতে কর্মব্যস্ততা। ঘুম নেই এখানে কারও চোখে। বড় বড় লরি এসে থামছে। দেশের নানা প্রান্ত থেকে বাহারি সবজির বহর এসে পৌঁছাচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় আড়তে।এখানকার ক্রেতারা খুচরা বিক্রেতা। কেউ বস্তায় বস্তায় তরকারি নামাচ্ছেন। কেউ দাঁড়িপাল্লায় ওজন চাপাচ্ছেন। কেউ বা ব্যস্ত দর-কষাকষিতে। কেউ টাকা দিচ্ছেন, কেউ গুনছেন। রিকশায়, ঠেলাগাড়িতে, ভ্যানে পসরা তুলছেন কেউ কেউ। চারদিকে কোলাহল। এই দৃশ্য প্রতিদিনের, প্রতিরাতেরও। চৈতন্য গলির আড়তদাররা কমিশন এজেন্ট। দূরের পাইকারদের সঙ্গে এলাকার খুচরা বিক্রেতাদের সম্মিলন ঘটান। ২৪ ঘণ্টা সচল থাকে তাঁদের ব্যবসা। তবে রাতের বেলাই জমজমাট বেচাকেনা হয়। দিনের বেলা বড় লরিগুলো মাল নিয়ে শহরে ঢুকতে পারে না। তাই রাত যত গভীর হয়, ব্যস্ততা ততই বাড়ে ।মন্সা বাণিজ্যালয়ের ব্যবস্থাপক বিকাশ সাহা বললেন, রাত নয়টা থেকে দিনের ১০টা পর্যন্ত পণ্য আসে। তাই এ সময়টায় তাঁদের ব্যস্ততা বেশি। দিনের অন্য সময় বিক্রি-বাট্টাও কম। বিকাশ সাহা জানালেন, বগুড়া, মেহেরপুর, যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, ঠাকুরগাঁও, জয়পুরহাট, রংপুর, নরসিংদী, বান্দরবান, চিরিঙ্গা, দোহাজারি, রাঙামাটি, সাতকানিয়া, তাইলং, মিরসরাই, বাঁশখালী থেকে বেপারিরা এখানে তরকারি নিয়ে আসেন। একেক অঞ্চল একেক তরকারির জন্য বিখ্যাত। যেমন সিরাজগঞ্জ কাঁচা মরিচ, কুষ্টিয়া ধনেপাতা আর ফুলকপি, বান্দরবান শসা, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, রংপুর আলুর জন্য বিখ্যাত। সোমবার রাতে মেহেরপুর থেকে ফুলকপি নিয়ে এসেছেন মো. মামুন। তিনি জানালেন, পণ্যের মানের তারতম্য আছে। তাই দামেরও বিস্তর তফাৎ ঘটে। তাঁর ফুলকপি বিক্রি হচ্ছিল ছয় থেকে ১২ টাকা কেজি দরে। যশোর থেকে ১২০ বস্তা শিম নিয়ে এসেছেন আউয়াল। নরসিংদী থেকে শসা আর শিম নিয়ে এসেছেন মোহাম্মদ শফি। এমনি করে কোনো দোকানে পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে বাঁধাকপি, কোথাও মুলা, কোথাও আলু, কোথাও শিম। এমনিভাবে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, করলা, বরবটি, মিষ্টিকুমড়া, শাক, চালকুমড়া, বেগুনের বাহারি স্তুপের হাতছানিতে আপনি মজে যেতে পারেন। মা বিতানের মালিক আবুল বশর জানালেন, এখন শীতের মৌসুম বলে তরকারির বাজার সরগরম। তাই তাঁদের ব্যস্ততা অন্য সময়ের চাইতে বেশি। কুমিল্লা বাণিজ্যালয়ের হাজি আবদুল মান্নান জানালেন, পাহাড়তলী, ফ্রি পোর্ট ও স্টিলমিলেও এ রকম আড়ত থাকলেও চৈতন্য গলি সবচেয়ে বড়। মজু ভান্ডার বাণিজ্যালয়ের মালিক নাসির উদ্দিন জানালেন, চৈতন্য গলিতে ১৪০টির মতো আড়ত আছে। তার মধ্যে আড়তদার কল্যাণ সমিতির সদস্য ১১২টি। পুরো চৈতন্য গলিতে প্রতিদিন প্রায় চার কোটি টাকার তরকারি বেচাকেনা হয়। আর এই কোটি কোটি টাকার লেনদেনের সঙ্গে পরোক্ষভাবে জড়িত এই শহরের ৪০ লাখ মানুষ যাঁরা আধা কেজি, এক কেজি করে প্রতিদিনের বাজার ঘরে আনেন। কিন্তু যাঁর অক্লান্ত পরিশ্রমে, কঠিন সাধনায় মাটির বুক থেকে উঠে এসেছে এইসব সবজির ফলন, সেই কৃষক কি পেয়েছেন সবজির ন্যায্য দাম? সতেজ সবজির সমারোহ ছাপিয়ে সেই প্রশ্ন বড় হয়ে ওঠে।