রাতের আলো
আমার স্বামী সৈয়দ মো. এমদাদ আলী (প্রয়াত) চাকরি করতেন শুল্ক বিভাগে। বদলির চাকরি। তখন তাঁর কর্মস্থল ছিল সিলেটে। ওখানেই রুনার জন্ম। দিনটি ছিল ১৭ নভেম্বর। তখন শীতকাল।মনে পড়ে, সন্ধ্যাবেলায় রুনার জন্ম হলো, দূরে কোনো একটি মসজিদ থেকে ভেসে এল আজানের ধ্বনি। ওর বাবা আমার সঙ্গে পরামর্শ করে মেয়ের নাম ঠিক করলেন রুনা লায়লা। ‘রুনা’ অর্থ আলো, আর ‘লায়লা’ হলো রাত। ‘রুনা লায়লা’ মানে রাতের আলো।যা হোক, স্বামীর বদলির চাকরির কারণে আমাদের এরপর যেতে হলো পশ্চিম পাকিস্তানের মুলতান শহরে। রুনার বয়স তখন ছয়-সাত মাস।মুলতানে আমরা গিয়ে উঠলাম বিশাল একটি বাংলোবাড়িতে। সেখানেই অফিস ও বাড়ি। কুকুর পোষা আমার স্বামীর শখ। বাড়িতে বিভিন্ন জাতের সাতটি কুকুর ছিল। আর রুনার ছিল একটি প্রিয় খরগোশ। দেড় বছর বয়স থেকে সারা দিন ওই খরগোশের পেছনে ওর ছোটাছুটি। ওর বড় বোন দীনা লায়লা (প্রয়াত) ওকে বেশ আদর করত। দুই বোনকে একই রকম পোশাক বানিয়ে দেওয়া হতো।ছোটবেলায় রুনা বেশ চুপচাপ ছিল। তবে ভেতরে ভেতরে কিছুটা দুষ্টু এবং একটু হিংসুটেও ছিল।দুই বোনের জন্য কোনো খেলনা কিনে দেওয়া হলো। একটা পাওয়ার পরও রুনার চোখ পড়ত দীনার খেলনার ওপর। কেঁদেকেটে যেভাবেই হোক, দীনার খেলনাটিও তাঁর চাই। দীনাও তাঁর খেলানাটা রুনাকে দিয়ে দিত।ও যে হিংসুটে ছিল, সেটাও একটু বলি।আমার ছেলে সৈয়দ আলী মুরাদের যখন জন্ম হলো, তখন রুনার বয়স আট বছর। করাচির একটি হাসপাতাল থেকে মুরাদকে বাড়িতে আনার পর সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে মুরাদকে একটি কর্ডে ঘুম পাড়িয়ে আমি গেলাম গোসল করতে। যাওয়ার সময় রুনাকে বললাম, ওর ভাইকে একটু দেখে রাখতে।ঘণ্টাখানেক পরে এসে দেখি কর্ডে মুরাদ নেই। খুঁজতে খুঁজতে ড্রইংরুমে গিয়ে দেখি কার্পেটের ওপর চারদিকে জুতা দিয়ে ঘেরা চাদর মোড়ানো কিছু একটা নড়ছে। চাদর সরিয়ে পাওয়া গেল মুরাদকে। আর এই কাজটা করেছিল রুনা। কারণ সে দেখল, এত দিন এই বাড়িতে তার রাজত্ব ছিল। মুরাদ আসার পর সেটা সে হারাচ্ছে। তাই সে ছোট ভাইকে লুকিয়ে রেখেছে, যেন কেউ খুঁজে না পায়।ওর বাবা খুব নরম প্রকৃতির হলেও আমি ছিলাম বেশ রাগী। আমার চোখরাঙানো দেখলেই ছেলেমেয়েরা ভয় পেত। খুব একটা না মারলেও শাসনটা ওই চোখরাঙানো এবং বকাঝকা পর্যন্তই ছিল।রুনা আরেকটা জিনিস ভীষণ ভয় পেত। ছবি তোলা। বাড়িতে কোনো ফটোগ্রাফার এলেই রুনা গায়েব। তারপর তাঁকে খুঁজে পাওয়া যেত হয় কোনো খাটের নিচে, নয় কোনো আলমারির ভেতরে।রুনার ছোটবেলায় বুড়ো আঙুল চোষার বদভ্যাস ছিল। এই বদভ্যাস ছাড়াতে না পেরে একদিন ওর আঙুলে জ্বর সারানোর কুইনাইন লাগিয়ে দিলাম। ভাবলাম, হলুদ রঙের এই ওষুধ দেখে সে আর আঙুল মুখে পুরবে না। কিন্তু অভ্যাস বলে কথা। আঙুল চুষে কুইনাইন চলে গেল তাঁর পেটে। রুনার কোনো বিকার নেই। নাচের প্রতি ওর বেশ দুর্বলতা ছিল। তাই ছোটবেলায় ওকে করাচির বুলবুল একাডেমিতে ভর্তি করিয়ে দিই। চার বছর ও নাচ শেখে। দীনা গান করত। দেখতাম, বোনের গান শুনে শুনে রুনাও গুনগুন করে গাইছে। তাই ওকেও গান শেখানো শুরু হলো। কিন্তু ও ছিল মহা ফাঁকিবাজ ধরনের মেয়ে। গান শেখাতে জোর করে বসাতে হতো।আমি বলতাম, তোমার মধ্যে প্রতিভা আছে। তুমি চেষ্টা করলে অনেক ভালো করবে। ওই সময় নাচ ও গান শেখানোর জন্য সব জায়গায় আমি ওকে নিয়ে যেতাম।একটু বলে রাখি, আমিও তখন করাচি রেডিওতে নিয়মিত বাংলা গান গাইতাম।ওর যখন ১৩ বছর বয়স, তখন চলচ্চিত্রে প্লেব্যাক করার প্রস্তাব নিয়ে বাড়িতে ছবির প্রযোজক, পরিচালক এলেন। কিন্তু ওর বাবা সরাসরি ‘না’ বলে দিলেন। শুনে আমি বললাম, রুনা প্লেব্যাক করলে ক্ষতি কী? আমার সম্মতি আছে দেখে ওর বাবা আর কিছু বললেন না। এরপর রুনা প্রথম প্লেব্যাক করল উর্দু চলচ্চিত্র জুগনুতে।রুনা আমার লেখা গানও গেয়েছে। এইচএমভি থেকে আলাউদ্দিন আলীর সুরে ওর একটা আধুনিক বাংলা অ্যালবাম বেরিয়েছিল। ওই অ্যালবামে আমি একটা গান লিখি—‘সুজন রে, সেই যে গেলা, ফিরা আইলা না’। ওই গানটি লেখারও একটা কাহিনি আছে। কলকাতার একটি স্টুডিওতে গান রেকর্ডিং হচ্ছে। অ্যালবামের সব গান তৈরি। শুধু একটা গানের সুর করা আছে, কথা নেই। রুনা আলাউদ্দিন আলীকে বলল, মা তো লেখেন, ওনাকে দিয়ে গানটি লেখান। তারপর আলাউদ্দিন আলী আমাকে সুর শোনালেন। আমি সেই সুরের ওপর কথা লিখে দিলাম।এ ছাড়া রুনার অভিনীত শিল্পী ছবিতেও একটি গান লিখেছিলাম। গানটির কথা ছিল ‘কে জানে কত দূরে সুখের ঠিকানা’।আমরা যৌথ পরিবার। আসাদগেটের তিনতলার বাড়িটিতে আমরা একসঙ্গে থাকি। তৃতীয় তলায় মুরাদ, দোতলায় রুনা। আর নিচতলায় আগে আমি থাকতাম। এখন কখনো মুরাদের সঙ্গে, কখনো রুনার সঙ্গে। আমার বয়স হয়েছে। ছেলেমেয়েরা আমাকে নিয়ে সবসময় বেশ দুশ্চিন্তায় থাকে, বিশেষ করে রুনা। আমাকে সুস্থ দেখলেই ও যেন চিন্তামুক্ত।অনুলিখন: কবির বকুল