সংসারের সব কিছুই তো সাজানো আছে। আসবাবপত্র, শাড়ি, স্যান্ডেল, ব্যাগসহ সবকিছু। চিরুনিটা নাকের কাছে এনে লম্বা করে নিঃশ্বাস নিলে এখনো তোমার চুলের ঘ্রাণ পাওয়া যায়। সেই তেলমাখা চুলের ঘ্রাণ! বারান্দায় যে তুলসীগাছটা লাগিয়েছিলে, তাও এখন বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে। শুধু তুমি নেই! আমাদের চেয়েও এমন কোন স্বজন তুমি সেখানে খুঁজে পেলে যে একবারও আমাদের দেখতে আসতে ইচ্ছে করে না! কিন্তু আমি তো তোমাকে সব সময়ই খুঁজে চলেছি। রান্না করার ফাঁকে, মেয়ের চুল বাঁধার ছলে, গল্পের মজলিশে, বিয়েবাড়ির আসরে, ডাক্তারের চেম্বারে। কোথাও তুমি নেই! মুঠোফোনটা বেজে উঠলে এখনো কেন চমকে উঠি, তোমার কণ্ঠ শুনব এই আশায়! দরজার কল বেলটাও মাঝেমধ্যে আশা জাগায়, এই তুমি এলে বলে! কিন্তু তুমি তো আসো না আম্মা। আমি শুধু প্রতীক্ষার প্রহর গুনতে থাকি। দিন যায়, রাত আসে, কিন্তু প্রতীক্ষা তো শেষ হয় না। দিনের আলোতে তোমাকে হারিয়ে ফেলি কিন্তু রাতের আকাশে লাখো তারার মাঝে আবার তোমাকে খুঁজে ফিরি। রেজিনা আখতার বাংলাদেশ শিশু একাডেমী