রানির শোকগাথার মহড়া থেকে তুলকালাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: দ্য গার্ডিয়ান
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: দ্য গার্ডিয়ান

বিবিসির এক প্রতিবেদকের বেকুবি টুইট থেকেই এই বিপত্তির শুরু। বিস্তারিত না জেনেই তিনি টুইট করে বসলেন, ‘রানি এলিজাবেথ হাসপাতালে।’ রকেটের বেগেই যেন টুইটারে সে খবর ছড়িয়ে পড়ল। আর শুধু কী টুইট? সিএনএন থেকে শুরু করে বিশ্বের নানা আন্তর্জাতিক গণমাধ্যমের টুইটার অ্যাকাউন্ট থেকেও রানির হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশিত হতে শুরু করল! শেষমেশ বাধ্য হয়েই বাকিংহাম প্যালেস থেকে জানানো হলো, ‘রানি সুস্থ আছেন।’ আসলে ঘটনা হচ্ছে— বিবিসি’তে তখন রানির জন্য শোকগাথা লেখার অনুশীলন চলছিল! এক প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে দ্য গার্ডিয়ান।


বিবিসি প্রতিবেদকের টুইটার বার্তা থেকে বিভ্রান্ত হয়ে শুরু হওয়া এই তুলকালাম কাণ্ড থামাতে বুধবার খুব দ্রুতই কার্যকরী পদক্ষেপ নিতে হয়েছে বাকিংহাম প্যালেসকে। রানি দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ হয়ে লন্ডনের রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর প্রকাশ হতে থাকায় রাজপ্রাসাদ থেকে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে বলা হয়। বাকিংহাম প্যালেস আরও জানিয়েছে, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গিয়েছিলেন রানি।’

এই ঘটনার পর বিবিসি জানিয়েছে, ওই প্রতিবেদক ভুল করে এমন টুইট বার্তা পাঠানোর সময় বিবিসিতে ‘প্রথম ক্যাটাগরির শোকগাথা লেখার অনুশীলন চলছিল।’

রানি দ্বিতীয় এলিজাবেথের হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত এ খবর প্রথম আসে আহমেন খাজা নামে বিবিসি উর্দু বিভাগের এক প্রতিবেদকের টুইটার বার্তা থেকে। তিনি লেখেন,‘রানি এলিজাবেথ রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে চিকিৎসাধীন, শিগগিরই বিবৃতি আসছে।’ পরে প্রথম টুইটটি মুছে দিয়ে খাজা আরেকটি টুইট বার্তায় জানান, তিনি ‘ভুল’ করে ফোনটি ফেলে গিয়েছিলেন এবং ওই টুইটটি ছিল একটা ‘নিরীহ কৌতুক’।

যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল সিএনএন, জার্মানির সংবাদপত্র বিল্ডও এ বিষয়ে প্রথমে ‘ভুল’ টুইট করে। অবশ্য বাকিংহাম প্যালেসের পদক্ষেপের পর প্রত্যেকেই ভুল সংশোধন করেছেন। ভারতের হিন্দুস্তান টাইমসের সম্পাদক কৃত্তিবাস মুখার্জিও নিজের অ্যাকাউন্ট থেকে রানির হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে ‘ভুল’ টুইট করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রানির অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর এক অস্বাভাবিক পদক্ষেপে বাকিংহাম প্যালেস থেকে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়। বুধবার সকালে এই ঘটনা শুরুর পরপরই বিবৃতি দেন এক মুখপাত্র।

বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান,‘আমি নিশ্চিত করছি যে, রানি আজ সকালে তাঁর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে গিয়েছিলেন। এটা পূর্ব নির্ধারিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ ছিল। রানি এতক্ষণে হাসপাতাল ছেড়ে গেছেন।’