রানির সঙ্গে দেখা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা-রানির গল্প আর কেচ্ছা-কাহিনি তো কতই শুনেছি নানার কাছে। বইয়ে পড়েছি সেসব কল্প-গল্প। আবার একটু বড় হয়ে সিনেমায় দেখেছি রাজা-রানিদের ভাবসাব-কায়কারবার। রাজা আর রানি বসে আছেন দরবারে মন্ত্রী আর সামন্তবেষ্টিত হয়ে। আরেকটু বড় হয়ে গেলাম জাফলংয়ে। রানি ইরাদেবীর প্রাসাদ দেখে ভাবনার জালে বন্দী হই, সত্যিকারের রানি দেখতে কেমন?ফেব্রুয়ারি ২০১৩। শৈশবের রঙিন সেই সময়ের ইচ্ছা যেন এবার পূরণ হতে যাচ্ছে। চ্যানেল এসের প্রধান প্রতিবেদক মোহাম্মদ জুবায়ের ফোন করে বললেন, ২৭ ফেব্রুয়ারি বুধবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আসছেন নতুনভাবে সজ্জিত রয়েল লন্ডন হাসপাতালের উদ্বোধন করতে। এই অনুষ্ঠান কভারেজের জন্য বাকিংহাম প্যালেস থেকে মাত্র দুটি মিডিয়া পাস ইস্যু করা হয়েছে। চ্যানেল এসের বিশেষ প্রতিবেদক হিসেবে রানির এই উদ্বোধনী অনুষ্ঠান কভার করার দায়িত্ব আমার। ড্রেসকোড থেকে শুরু করে সাংবাদিক হিসেবে কতটুকু কী করা যাবে, সবই রানির প্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে নির্ধারণ করা। ২৭ ফেব্রুয়ারি চ্যানেল এসের ক্যামেরাম্যান সুভাষ দাকে সঙ্গে নিয়ে হাজির হলাম নির্ধারিত সময়ের আগেই। নিরাপত্তাবেষ্টিত হাসপাতাল। চারদিকে বিশেষ বাহিনীর তৎপরতার মধ্যেও চলছে স্বাভাবিক কাজকর্ম। সাধারণ মানুষের বেশির ভাগই জানেন, আজ এখানে রানি আসছেন। বেলা ১১টায় আসবেন তিনি। ঠিক ১৫ মিনিট আগেই আমাদের চলে যেতে হলো প্রেসবক্সে। সেখানে ভিড় জমিয়েছেন বিবিসি, স্কাই নিউজ ও আইটিএনের ডাকসাইটে সাংবাদিকেরা। বেলা ১১টা বাজার তিন মিনিট আগে জানতে পারলাম, তিন মিনিটের মধ্যে পৌঁছাবেন রানি। ঠিক সময়মতো সামনে দুটি মোটরসাইকেলের নিরাপত্তা নিয়ে রানি তাঁর রেঞ্জরোভার গাড়িবহর নিয়ে পৌঁছালেন। প্রথমেই গাড়ি থেকে নামলেন রানির স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। লাইলাক রঙা লং স্কার্ট পরে রানি নামলেন! ওপাশে রাস্তায় দাঁড়ানো শত শত মানুষের চিৎকার আর উচ্ছ্বাস। আমার ঠিক পাঁচ হাত সামনেই রানি। তিনি ঘুরে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানালেন। রানিকে স্বাগত জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ।রানি প্রথমেই গেলেন বড় হলে। রয়েল লন্ডন হাসপাতালের পক্ষ থেকে স্মারক উপহার নিয়েই উদ্বোধন করলেন ইউরোপের সর্ববৃহৎ হাসপাতাল রয়েল লন্ডন হাসপাতালের কার্যক্রম। এটি এত বিশাল হাসপাতাল যে এর ভেতরে ফুটবল খেলার ৪০টি মাঠ বানানো যাবে! এতে যত কংক্রিট ব্যবহার করা হয়েছে, তা পরপর সাজালে লন্ডন থেকে মায়ামি পর্যন্ত সড়ক বানানো যাবে। মোট ৭৫ হাজার বেডশিট আর ৩৫ হাজার টাওয়াল ব্যবহার করা হয়েছে এখানে। কক্ষ আছে মোট ছয় হাজার। রানি উদ্বোধন করেই গেলেন শিশুদের বিভাগে। সেখানে বাচ্চাদের সঙ্গে কিছু সময় কাটান। এরপর তিনি দেখতে যান ২০০৫ সালের ৭ জুলাই অল্ডগেট ইস্ট স্টেশনের বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একজনকে। তিনি রানিকে জিগ্যেস করলেন, ‘আপনি আমাকে চিনতে পেরেছেন?’ রানি উত্তরে বললেন, ‘আপনাকে দেখতে অনেক ভালো লাগছে। কানের অবস্থা কী?’ এই রোগীকেই রানি ২০০৫ সালের সেই হামলার পর একবার দেখতে এই হাসপাতালে এসেছিলেন।এভাবেই এক ঘণ্টা সময় কাটিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ চলে যান বাকিংহাম প্যালেসে। রানির এই আগমনকে এনএইচএস ট্রাস্টের চেয়ারম্যান স্যার স্টিভেন ও’ব্রেইন ‘ঠান্ডার দিনের সবচেয়ে উষ্ণতম ঘটনা’ বলে উল্লেখ করেন সাংবাদিকদের কাছে।