রানীর দীঘির পাড় দখল করে ঘর নির্মাণ
২০০ বছরের পুরোনো এনায়েত বাজার রাণীর দীঘিটিও ভরাট হওয়ার পথে। স্থানীয় লোকজন জানান, দিঘির বেশির ভাগ মালিকই এটি ভরাট করার জন্য এক পায়ে খাড়া। কেউ কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নিয়ে রেখেছেন। কিন্তু স্থানীয় কিছু লোকজনের বাধার কারণে ভরাটকাজ আটকে আছে। জানা যায়, দীঘিটির আয়তন ছিল ২ দশমিক ৫৪৮ একর (২৫৪ শতক)। বর্তমানে এর আয়তন কমে হয়েছে প্রায় ১৯০ শতক। বর্তমানে দীঘির মালিক রয়েছেন ১০-১২ জন। তবে এর মধ্যে অর্ধেক অংশের মালিক কাজী জাকির হোসেন নামে এক ব্যবসায়ী। জানা যায়, ১৯৯১ সালে দীঘির মালিকেরা তৎকালীন পুলিশ কমিশনার ও অগ্নিনির্বাপণকেন্দ্র থেকে অনুমতি নিলেও স্থানীয় ব্যবহারকারীদের বাধার কারণে দীঘিটি ভরাট করা সম্ভব হয়নি। সরেজমিনে দেখা যায়, দীঘির চার পাড়ে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। ইতিমধ্যে উত্তর-পূর্ব কোণে কিছু অংশ ভরাট করা হয়েছে মাটি ফেলে। পশ্চিম ও দক্ষিণ পাড়ে গার্ডওয়াল দিয়ে চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে সিটি করপোরেশনের উদ্যোগে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, ‘পাড়ের জায়গা দখল করে ঘরগুলো তৈরি করা হয়েছে। এতে স্থানীয় লোকজনের চলাচলে অসুবিধা হয়। এ রকম একটি ঘরের মালিক মাহমুদ আলম জানান, কেনা জায়গায় ঘর তৈরি করেছেন তাঁরা। পাড়ের জায়গায় নয়। তাঁর কাছে জায়গার কাগজ আছে। স্থানীয় অনেকে জানান, আগে দীঘির চারপাশে প্রচুর খোলা জায়গা ছিল। দূরদূরান্ত থেকে অনেকে আসতেন দীঘির পাড়ে হাঁটার জন্য। এখন সে অবস্থা নেই। আগে এই দীঘির পানি এলাকাবাসী পানীয়জল হিসেবে ব্যবহার করতেন। বর্তমানে সিনেমা প্যালেস, এনায়েত বাজার, রিয়াজউদ্দিন বাজার, মোমিন সড়কসহ আশপাশের অনেকেই প্রতিদিন আসেন স্নান করতে। স্থানীয় ব্যবহারকারী হাসিনা বেগম দীঘিটি ভরাট না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘দীঘিটি আমার মতো এলাকার অনেক মানুষের উপকারে আসছে। ভরাট করলে আমাদের বেশ কষ্ট হবে।’