রান্না-খাওয়ার টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ জানুয়ারি ঢাকার একটি স্কুলে হয়ে গেল যুক্তরাষ্ট্রপ্রবাসী রান্নাবিদ নাজিম খানের একটি প্রশিক্ষণ ক্লাস। এদিন তিনি দেখালেন, খাবার টেবিলে কেমন আচরণ করতে হবে, অনুষ্ঠানের আদবকেতা। আরও পরামর্শ দিলেন খাবারের মেনু তৈরি, খাবার পরিবেশন নিয়েও। যুক্তরাষ্ট্রে ১৯ বছর ধরে থাকছেন তিনি। কাজ করেছেন নামী অনেক রেস্তোরাঁয়। এখন কাজ করছেন ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে জ্যেষ্ঠ নির্বাহী শেফ হিসেবে। তিনি মনে করেন, খাবারটা একধরনের শিল্প। একজন চিত্রশিল্পী যেমন রং আর তুলির ব্যবহারে বাহারি চিত্রকর্ম ফুটিয়ে তোলেন সাদা কাগজে। তেমনই শিল্পকর্ম বানানো হয় সাদা প্লেটের ওপরে। সেটা খাবার দিয়ে। বাইরের দেশগুলোতে প্রায়ই দেখা যায়, যেকোনো বড় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় খাবারের টেবিলে বসে। ধরেন, আপনি বিদেশে গেলেন, কিন্তু সেখানে খাবারের টেবিলে বসে কী করে খেতে হবে, সেটাই আপনার অজানা। তাহলে কি আলোচনায় মন দিতে পারবেন? তাই খাবার বিষয়ে কিছু প্রাথমিক ধারণা থাকা অনেক জরুরি। রান্নার ক্লাস নিতে গিয়ে নাজিম খান বলেন, বাড়িতে বেড়াতে এসেছে কিছু অতিথি। তাদের কোন খাবার কীভাবে দেবেন, সেটা দেবে আপনার রুচির ব্যাপার। আবার বড়দের সঙ্গে শিশুরাও যদি আসে আপনার নিমন্ত্রণে, তাহলে তারা কোন খাবারটা খেতে পছন্দ করবে, মাথায় রাখতে হবে সেটাও।রান্নাটাকে ঝামেলা মনে না করে বরং সৃজনশীল একটা কাজ হিসেবেই দেখা যায়। তিনি বলেন, এ দেশের অনেকেই নিজে রান্না করেন না। সেই দায়িত্বটা থাকে বাসার কাজের মানুষটির ওপর। কিন্তু সেটা না করে বরং রান্নার দায়ভারটা নিজের কাঁধে রাখুন। পারলে বাচ্চাকেও সংযুক্ত করুন রান্নার কাজে। দেখবেন, সেও আগ্রহী হয়ে উঠছে খাবারের ব্যাপারে। ২০১২ সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ফুড সার্ভিসের (নেকাফ) অনলাইনে মেনুতে গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন তিনি। এদিন খাবারের টেবিলে কাঁটাচামচ, ছুরি, ন্যাপকিনের ব্যবহার দেখান তিনি। শসা দিয়ে সহজ এক পদ রেঁধেও দেখান। নিজের স্বপ্ন শোনান নাজিম খান, ‘আমি চাই নিজের জানা বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে। ইচ্ছে আছে একটা রান্নার স্কুল করার। রান্না এবং পুষ্টি নিয়ে বই করার পরিকল্পনাও আছে মাথায়।’