রান্না দিয়েই ভালোবাসা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে চলে এল ৩১ জানুয়ারি। সময় কত দ্রুত চলে যায়! ঠিক এক বছর আগে এই দিনে হারিয়েছিলাম সিদ্দিকা কবীরকে। বাংলাদেশের রন্ধনশিল্পের পথিকৃৎ তিনি। শুধু রান্না দিয়েই তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা। কাছের মানুষকে হারালে দীর্ঘদিন মনজুড়ে থাকে শোক। সিদ্দিকা কবীরকে হারিয়েও এমনটি যেন হয়েছে। শুধু আমি নই, আমার মতো অগণিত ভক্ত তিনি রেখে গেছেন। কি দেশে, কি বিদেশে। ভক্তকুলের কাছ থেকে তিনি যা পেয়েছেন, তা অকল্পনীয়, যা অনুভব করেছি তাঁর চলে যাওয়ার পরে। সিদ্দিকা কবীরের দীর্ঘজীবনে সব সময় নিজের থেকে অন্যের কথা ভেবেছেন। চেষ্টা করেছেন কীভাবে অন্যের ভালো হবে। এই মানুষটির জন্য সরকারেরও অনেক করণীয়। রাষ্ট্রীয় স্বীকৃতি তিনি পেতেই পারেন। তাঁর রান্না খাদ্য পুষ্টি বইটি সবাইকে রান্না করতে কত অনুপ্রেরণা জুগিয়েছে! অনেক সাড়া পেয়েছে বইটি। সংসার-জীবন শুরু করার আগে মেয়েরা তাঁদের সঙ্গে এই বইটি সঙ্গী হিসেবে বেছে নেন।অতি অল্প বয়সেই পিতৃহারা হয়ে সংসারের দায়িত্ব কাঁধে নেন তিনি। একদিকে নিজে করেছেন লেখাপড়া, সেই সঙ্গে ছোট ভাইবোনদের যোগ্য করে গড়ে তুলতে করেছেন অপরিসীম পরিশ্রম। ছোট ভাই আহসানউল্লাহ ছিলেন অতি আদরের। তাঁর প্রকৌশলী হওয়ার পেছনে সিদ্দিকা কবীরের অবদান অনেক। আরেক বোন খাদিজা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। তাঁর সাফল্যের পেছনেও ভূমিকা আছে সিদ্দিকা কবীরের। বাকি ভাইবোনদেরও সুখে-দুঃখে তিনি সব সময় পাশে ছিলেন। শুধু কি ভাইবোন? তাঁদের ছেলেমেয়েদের দায়িত্বও সমানভাবে পালন করেছেন। এখন যখন মনে হয়, সারা জীবন মানুষটির থেকে শুধু নিয়েছি, প্রতিদানে কিছু দিতে পারিনি, তখন নিজেকে বড় স্বার্থপর মনে হয়। সিদ্দিকা কবীরের পরিবারের পক্ষ থেকে সাদেকা বেগম