রান্নাঘর ঝকঝকে রাখুন, স্লিম থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নাঘরেই রয়েছে শরীর ঠিক রাখার মূলমন্ত্র। গবেষকেরা বলছেন, রান্নাঘরটিকে ঝকঝকে-তকতকে রাখুন। এতে মুটিয়ে যাওয়া ঠেকাতে পারবেন। থাকতে পারবেন হালকা-পাতলা, স্লিম। কীভাবে?


এ ব্যাপারে সমীক্ষা চালিয়ে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের গবেষকেরা বলেন, অগোছালো রান্নাঘর অতিরিক্ত ক্যালরি গ্রহণে প্ররোচিত করে। পরিষ্কার রান্নাঘরের তুলনায় অগোছালো রান্নাঘর থেকে সামান্য কুকি-জাতীয় খাবারের পরিমাণও দ্বিগুণ হয়। এই গবেষণা-বিষয়ক নিবন্ধ ‘এনভায়রনমেন্ট অ্যান্ড বিহেভিয়র’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষক লেনি ভার্টানিয়ান বলেন, অনিয়ন্ত্রিত ও অগোছালো পরিবেশে খাবার গ্রহণে বিরূপ প্রভাব ফেলে। এতে অনেকে ভাবে, সবকিছু যখন নিয়ন্ত্রণের বাইরে, আমি নিয়ন্ত্রণে থেকে কী করব? এটি নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে।

গবেষণার সময় ১০১ জন নারীকে দুই গ্রুপে ভাগ করে দুরকম রান্নাঘরে ছাড়া হয়। এর মধ্যে একটি পরিচ্ছন্ন ও আরেকটি অপরিচ্ছন্ন। দুই ধরনের রান্নাঘরেই বাটিভর্তি কুকি, ক্র্যাকার ও গাজর রাখা হয়।

কর্নেল ফুড অ্যান্ড ব্র্যান্ড ল্যাবের পরিচালক ও গবেষণা প্রবন্ধের সহলেখক ব্রায়ান ওয়ানসিঙ্ক বলেন, ‘রান্নাঘর ঝকঝকে-তকতকে রেখে বেশি খাবার খাওয়ার অভ্যাস ছাড়ানো সহজ। যাঁরা রান্নাঘরে ঢুকেই বেশি খাবার খেয়ে ফেলেন, তাঁদের লোভ সংবরণের সেরা উপায় হচ্ছে মেডিটেশন বা যোগব্যায়াম।’ তথ্যসূত্র: আইএএনএস।