
মায়ের হাতে রান্না করা মুলা দিয়ে গরুর মাংসের স্বাদ অদ্বিতীয়। তবে সেটা নিজেও পারেন নোয়াখালীর ছেলে খালেদ রাব্বানি। বাবা তাঁর রান্না খেয়ে ‘ফুল মার্কস’ দিলেও মা খুঁত ধরেন। স্থানীয় একটি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ুয়া খালেদ নিজেকে প্রমাণ করতে নাম লেখান প্রতিযোগিতায়। রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতা ২০১৬-এ নিজের সেই প্রতিভা তুলে ধরেছেন খালেদ। চার হাজার প্রতিযোগীর মধ্য থেকে সেরা দশে আসা তো আর চাট্টিখানি কথা না! ভালো রান্না নিয়েই একেকটি পর্ব পেরোতে হয়েছে।
এমন মজার মজার গল্প নিয়েই প্রতিযোগীরা এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে। দেখিয়েছেন নিজেদের প্রতিভা। প্রতি পর্বেই নতুন নতুন রান্না। আর সেই সব রান্নায় হাতের জাদু দেখিয়ে সেরা দশে এসেছেন প্রতিযোগীরা। আজকের গল্প তাই রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতার সেরা দশ প্রতিযোগীকে নিয়েই।
এনটিভির পর্দায় এরই মধ্যে প্রতিযোগিতার ১৮ পর্ব প্রচার শেষ। এই আসরে বিচারক হিসেবে রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, রান্নাবিদ শাহেদা ইয়াসমিন ও ওয়াটারক্রেস রেস্তোরাঁর নির্বাহী শেফ সৈয়দ তোজাম্মেল হক। এ ছাড়া বিভিন্ন পর্বে অতিথি হিসেবে অনুষ্ঠানের মঞ্চে এসেছেন উপস্থাপক ও রন্ধনশিল্পী শারমীন লাকি, শেফ ডমেনিক গমেজ, মাস্টারশেফ অস্ট্রেলিয়া বিজয়ী এমা ডেন, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে।
সুপার শেফ প্রতিযোগিতার তৃতীয় এই আয়োজনে নিবন্ধন করেন ৪ হাজারের বেশি প্রতিযোগী। সারা দেশের প্রতিযোগীদের মোট ১৩টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই করা হয়। প্রথমে একটি লিখিত পরীক্ষা। পরীক্ষায় বাছাই করাদের নিয়ে যাওয়া হয় রান্নাঘরে। নির্দিষ্ট টাকার বাজার করে রান্না করেন তাঁরা। সেটা খেয়ে বিচারকেরা নির্বাচন করেন ঢাকা রাউন্ডের প্রতিযোগীদের। সারা দেশের মোট ৮০ জন প্রতিযোগী ঢাকার টিকিট পান। ঢাকা পর্বে ৮০ জন প্রতিযোগী একটি করে রান্না উপস্থাপন করেন বিচারকদের কাছে। সেখান থেকে ১৮ জনকে বেছে নেওয়া হয় কিচেন রাউন্ডের জন্য। এ পর্বেই উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হয় কিচেন অ্যাপ্রোন। এরপর একেক পর্বে বাদ পড়তে থাকেন একজন করে প্রতিযোগী। সেরা দশে জায়গা পাওয়া প্রতিযোগীরা হচ্ছেন রাফিয়া আহমেদ, ফাতেমা আবেদীন, রুনা লায়লা, মাসুম আহমেদ, জিনিয়া জাহাঙ্গীর, খালেদ রাব্বানি, হাসিনা ইরফান, সাবরিনা আক্তার, মৌসুমী আক্তার ও ইফফাত নওশিন। এরই মধ্যে সেখান থেকে বাদ পড়েছেন আরও দুজন। সুপার শেফের খেতাব জেতার এই লড়াইয়ে টিকে আছেন আটজন। প্রতিদিন থাকছে নতুন নতুন রান্না। সেটা চেখে দেখছেন বিচারকেরা। ঝাল থেকে নুন, পুষ্টিগুণ থেকে পরিবেশন—সবটাই হওয়া চাই নিখুঁত। সেরা দশ থেকে ছিটকে পড়া নোয়াখালীর ছেলে খালেদ রাব্বানি জানালেন, ‘বাদ পড়েছি। তবে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। মাকে প্রমাণ দিতেই আমার প্রতিযোগিতায় আসা। পড়াশোনা শেষ করে একজন শেফ হিসেবেই নিজের ক্যারিয়ার গড়তে চাই।’
শাশুড়ির অনুরোধে সুপার শেফ প্রতিযোগিতায় আসেন মৌসুমী আক্তার। এরপর একেকটি পর্ব পেরিয়েছেন নিজের আত্মবিশ্বাসের জোরে। ছোট্ট ছেলে নাসিফকে বাড়িতে রেখে ক্যাম্পে একা মৌসুমী। তবে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার এই চ্যালেঞ্জে তিনি এখনই হেরে যেতে রাজি নন।

সেরা খেতাব জেতার যুদ্ধ। ঢাল-তলোয়ার নয়, যুদ্ধ জেতার সেই চ্যালেঞ্জ হাঁড়ি-কড়াই নিয়ে। ময়মনসিংহের মেয়ে ফাতেমা আবেদীন পেশায় সাংবাদিক। তবে সেই পরিচয় ছাপিয়ে এখন তিনি সুপার শেফের রান্নাঘরের একজন যোদ্ধা। মায়ের কাছ থেকে রান্নার হাতে খড়ি। সেই শিক্ষাকে পুঁজি করে সেরা দশে চলে এসেছেন ফাতেমা। দেশি-বিদেশি রান্না করে সেরা দশে আসা এই প্রতিযোগী বলেন, ‘টেলিভিশনে দেখতে সহজ মনে হলেও প্রতিযোগিতাটা অনেক কঠিন। এখানে সবাই সেরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীদের কাছ থেকে রান্না শিখছি। এ ছাড়া শিখছি দেশ-বিদেশের নামকরা শেফদের কাছ থেকে। সুপার শেফের রান্নাঘর থেকে চলে গেলেও দারুণ এক অভিজ্ঞতা পরবর্তী সময়ে আমাকে এগিয়ে নেবে বলে মনে করি।’
বিচারকেরাও দারুণ উচ্ছ্বসিত প্রতিযোগীদের নিয়ে। রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতার শুরু থেকেই বিচারক হিসেবে আছেন রন্ধনবিদ শাহেদা ইয়াসমিন। তিনি বলেন, ‘প্রতিযোগিতার মাধ্যমে বাংলা খাবারকে সারা বিশ্বে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। এই সময়ের ছেলেমেয়েরা যে রান্নাকে এত ভালোবাসে, সেটা এখানে না এলে বোঝা হতো না। তারা দেশি সবজি বা রান্নাকে ফিউশন করে নিয়মিত তাক লাগিয়ে দিচ্ছে আমাদের।’
২০১৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। প্রতিযোগিতায় সেরা তিনজন পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ১০ লাখ, ৫ লাখ, ২ লাখ টাকাসহ আরও নানা উপহার।